
বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেবে বিজনেস ইনফরমেশন টেকনোলজি লিমিটেড (বিআইটিএল)। যুক্তরাষ্ট্রভিত্তিক এআরআরএ নেটওয়ার্কসের প্রযুক্তি কাজে লাগিয়ে কম খরচে ইন্টারনেট সেবা দেবে প্রতিষ্ঠানটি। এ জন্য এআরআরএ নেটওয়ার্কসের সঙ্গে জোটও বেঁধেছে তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআইটিএল জানিয়েছে, নতুন এ উদ্যোগের আওতায় এআরআরএর সমন্বিত নেটওয়ার্ক সলিউশন সুবিধা কাজে লাগিয়ে দেশের প্রত্যন্ত এলাকা, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে ৫-জি নেটওয়ার্ক চালু করা হবে। ওয়্যারলেসনির্ভর এ নেটওয়ার্ক চালু হলে পাহাড়সহ অন্যান্য দুর্গম এলাকায়ও দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ মিলবে। ফলে ২০২৫ সালের মধ্যে দেশের সব অঞ্চলকে দ্রুতগতির ইন্টারনেটের আওতায় আনা সম্ভব হবে।
দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সামনে নিজেদের নেটওয়ার্ক প্রযুক্তির উল্লেখযোগ্য দিক ও কার্যকারিতা সফলভাবে উপস্থাপনও করেছে বিআইটিএল এবং এআরআরএ।