
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের স্বীকৃত পেল প্রথম আলোর ফ্যান পেজ। অর্থাত্ ফেসবুক প্রথম আলোর আনুষ্ঠানিক ফ্যানপেজকে (www.facebook.com/dailyprothomalo) ‘ভেরিফায়েড’ পেজ হিসেবে নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকালে এ স্বীকৃতি পায় ফ্যানপেজটি।
সাধারণত ফেসবুক বিভিন্ন দেশের তারকা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রিয় ব্র্যান্ড এবং ব্যবসাপ্রতিষ্ঠানের আসল ফ্যানপেজকে স্বীকৃতি দিয়ে থাকে। স্বীকৃতি দেওয়া ফ্যানপেজের পাশে নীল রঙের বৃত্তের মাঝখানে সাদা টিকচিহ্ন দেওয়া হয়, যা প্রমাণ করে এই পেজটি ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের আসল পেজ। এর আগে বাংলাদেশে চারজন ব্যক্তি ও একটি ব্যান্ডদলের পেজ ভেরিফায়েড স্বীকৃতি পেয়েছে। গণমাধ্যম, ব্র্যান্ড কিংবা প্রতিষ্ঠান হিসেবে প্রথম আলোর ফেসবুক পেজ বাংলাদেশে প্রথম এ স্বীকৃতি পেল।
গতকাল রাত নয়টা ২০ মিনিট পর্যন্ত প্রথম আলোর ফেসবুকে লাইকের সংখ্যা ছিল নয় লাখ ৮১ হাজার ১৯০।—নিজস্ব প্রতিবেদক