‘প্রযুক্তি কাজে লাগিয়ে সামাজিক ব্যবসা (সোশ্যাল বিজনেস) দারুণভাবে করা সম্ভব। যে ধরনের সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত দেখি, সেগুলোকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সহজ করা যায়। এ কাজটি করতে পারলে অনেকেরই সুবিধা হবে।’ গত শনিবার ঢাকায় গ্রামীণ-ইন্টেল সোশ্যাল বিজনেস লিমিটেডের (জিআইএসবি) নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে শীর্ষ প্রসেসর নির্মাতা ইন্টেল করপোরেশনের ওয়ার্ল্ড অ্যাহেড প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট জন ডেভিস এসব কথা বলেন। গ্রামীণ-ইন্টেল কার্যক্রম ও বর্তমান অগ্রগতি দেখতে জন ডেভিস ঢাকায় আসেন।অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে গ্রামীণ-ইন্টেল সোশ্যাল বিজনেসের নানা বিষয় জানানো হয়। জিআইএসবির প্রধান নির্বাহী কাজী আই ইসলাম জানান, ২০০৯ সাল থেকে গ্রামীণ ট্রাস্ট ও ইন্টেলের উদ্যোগে চালু হওয়া গ্রামীণ-ইন্টেল সোশ্যাল বিজনেস বর্তমানে কৃষিক্ষেত্রে ই-অ্যাগ্রো ও স্বাস্থ্য খাতের ই-হেলথ প্রকল্প নিয়ে কাজ করছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জিআইএসবির প্রধান কারিগরি কর্মকর্তা নারায়ণ সুন্দরারাজন ও স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক শ্রিনি গুরুদাচর।সম্মেলনে জানানো হয়, জিআইএসবি পরিচালিত দুটি প্রকল্পের মধ্যে ই-অ্যাগ্রোর প্রকল্পের জন্য তৈরি মৃত্তিকা সফটওয়্যারটি ব্যবহার করে প্রায় এক হাজার কৃষক সুবিধা পেয়েছেন। এ সফটওয়্যারটি দিয়ে কোন মাটির জন্য কী ধরনের সার লাগবে তা জানা যায়। তবে এক প্রশ্নের জবাবে কাজী ইসলাম জানান, এক হাজার কৃষকের মধ্যে বাংলাদেশের কৃষকের সংখ্যা ১০০-এর মতো, যা দেশের কুষ্টিয়া, নেত্রকোনা ও বগুড়ায় ব্যবহূত হচ্ছে। এ ছাড়া স্বাস্থ্য খাতের ই-হেলথ প্রকল্পের জন্য তৈরি সুমাতা সফটওয়্যার ব্যবহার করে ৫০০ নারী সুবিধা পেয়েছেন। এ সফটওয়্যারটির মাধ্যমে গর্ভবতী নারীদের অবস্থা জানা যায়। বাংলাদেশের নেত্রকোনা ও মানিকগঞ্জে সফটওয়্যারটি ব্যবহূত হয়েছে। সেবা দেওয়ার ব্যাপারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রামীণ-ইন্টেল মূলত সফটওয়্যার-সেবা দিচ্ছে। প্রান্তিক পর্যায়ে এ সেবা পৌঁছাতে কারও মাধ্যমে যাওয়া হয়। বাংলাদেশ ও ভারতে এ কার্যক্রম চলছে। এ কার্যক্রম দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন কাজী আই হক। এ ক্ষেত্রে সারা দেশের ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রগুলোকে ব্যবহারও করা যেতে পারে বলে জানানো হয়। —নুরুন্নবী চৌধুরী