
একটি দেশের পুরো অর্থনীতি ধসিয়ে দেওয়ার বড় অভিযোগ এখন মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলের ঘাড়ে। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী আলেকজান্ডার স্টাব অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, আইফোন ফিনল্যান্ডের স্মার্টফোন কোম্পানি নকিয়া ও আইপ্যাড দেশটির কাগজ শিল্পকে ধ্বংস করেছে। হাফিংটন পোস্টের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
এক সময় ফিনল্যান্ডের বড় দুটি শিল্প খাত ছিল কাগজ শিল্প ও স্মার্টফোন নির্মাণ শিল্প। ২০০৭ সালে প্রথম আইফোন
বাজারে আসার আগপর্যন্ত ফিনল্যান্ডের গর্ব ছিল নকিয়া। আইফোন বাজারে আসার পর থেকেই ধীরে ধীরে নকিয়ার জনপ্রিয়তা কমতে থাকে। এ বছরের এপ্রিল মাসে মাইক্রোসফট কর্তৃপক্ষ ৭২০ কোটি মার্কিন ডলারে নকিয়াকে কিনে নেয় এবং কর্মী ছাঁটাই করতে শুরু করে। এ বছরের জুলাইয়ে নকিয়ার সাড়ে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।
এদিকে গত আগস্টে ব্লুমবার্গ বিজনেস উইকের এক প্রতিবেদনে বলা হয়, নতুন প্রযুক্তির ব্যবহার বাড়তে থাকায় ফিনল্যান্ডভিত্তিক নকিয়ার স্মার্টফোন শিল্প ও কাগজ শিল্প ধসে যেতে শুরু করে।
এ বছরের জুন মাসে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী স্টাব ফিনল্যান্ডের সব কাজ ছিনিয়ে নিয়ে অর্থনৈতিক ধসের জন্য অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে দায়ী করেন। প্রসঙ্গত, ২০১১ সালের ৫ অক্টোবর মারা যান স্টিভ জবস।