
বিষাদে হরিষ
সব ফুটবলারের চোখে ঝিকমিক করে বিশ্বকাপ খেলার স্বপ্ন! তাও যদি হয় ঘরের মাঠে। নিশ্চয়ই এ স্বপ্ন খেলেছিল ব্রাজিলের ফিলিপে কুতিনহো ও রাফায়েলের চোখেও। কিন্তু জীবন তো আর সাজানো চিত্রনাট্য অনুযায়ী চলে না। তাই কুতিনহো ও রাফায়েলের ঠাঁই মেলেনি স্কলারির দলে। স্বপ্নভঙ্গের যাতনায় মনটা হতাশার সাগরে নিমজ্জিত হবে, সেটাই স্বাভাবিক। তাই বলে ভেঙে পড়লে চলে? কুতিনহো ও রাফায়েলও ভেঙে পড়েননি। হয়তো বুঝেছেন, ‘সত্যেরে লও সহজে’। সে কারণে সব ভুলে মজেছেন মৌজ-মাস্তিতে! ‘যেমন খুশি তেমন সেজে’ এসেছেন পার্টিতে। সুখী সুখী চেহারার ছবি দেখে কে বলবে, বিশ্বকাপ খেলা হচ্ছে না দুজনের! ডেইলি মেইল
রোনালদোর সুগন্ধি বালিশ
বিশ্বকাপে ছয়জন নিরাপত্তারক্ষী চেয়েছে পর্তুগাল দল। এর মধ্যে আবার চারজনই ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। পর্তুগাল ঘাঁটি গাড়ছে কাম্পিনাসে (সাও পাওলো রাজ্যে)। দলের জন্য এরই মধ্যে বিলাসবহুল হোটেল পছন্দ করেছেন কোচ পাওলা বেন্তো। খেলোয়াড়দের, বিশেষ করে রোনালদোর যাতে কোনো অসুবিধা না হয়, সে জন্য ঠিক করা হয়েছে উষ্ণতানিয়ন্ত্রক বিশেষ কাচবেষ্টিত ঘর। আর সে ঘরে থাকবে সুরভিত বালিশও! ফুটবল মহাতারকার সুখনিদ্রায় যাতে ব্যাঘাত না ঘটে, তাই এ ব্যবস্থা। কিন্তু দল যদি কাঙ্ক্ষিত সাফল্য না পায়, বালিশ যতই সুরভিত হোক না কেন, তাতে ঠিকঠাক ঘুম হবে তো? ইএসপিএন
গীতিকার পেলে
একসময় নান্দনিক ফুটবলে সম্মোহিত করেছেন মানুষকে। এবার ভিন্ন ভূমিকায় নামতে যাচ্ছেন পেলে। বিশ্বকাপে হাজির হচ্ছেন গীতিকার হিসেবে! এবারের বিশ্বকাপের থিম সং কোনোটিই মনে ধরেনি ফুটবল কিংবদন্তির। সেগুলোয় নাকি ব্রাজিলকে তুলে ধরা হয়নি ঠিকমতো। তাই নিজেই বসে গেছেন কাগজ-কলম নিয়ে। গানের প্রথম কলি গেয়েও শুনিয়েছেন, ‘এটি আমাকে অনেক সুখী করেছে, আমাকে কাঁদিয়েছে, ফুটবল আমাদের জাতির শিরায়’। তবে আকর্ষণ জমিয়ে রাখতে গানের সবটুকু এখনই প্রকাশ করেননি। সেটির জন্য নাহয় একটু অপেক্ষা করুন। এএফপি
গ্রন্থনা: রানা আব্বাস