
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে গত বছরের চেয়ে বরাদ্দ বাড়লেও তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম প্রয়োজনীয় সরঞ্জাম ল্যাপটপ, প্রিন্টার, টোনার ইত্যাদির ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে এই খাতের ব্যবসায়ী এবং ভোক্তা উভয়েরই ব্যয় বৃদ্ধি পাবে। বাজেটে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) দেওয়া প্রস্তাবের আশানুরূপ প্রতিফলন ঘটেনি। আজ শনিবার বাজেটের প্রতিক্রিয়ায় জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন বেসিস নেতারা।
সংবাদ সম্মেলনে বেসিসের সহসভাপতি আবু দাউদ খান বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতে গত বছরের চেয়ে ২৭৪ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তবে এই অর্থ কোন প্রকল্প বা খাতে ব্যয় হবে এবং এর মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাত বা ব্যবসায়ীরা কীভাবে উপকৃত হবেন, সে বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি। শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, বরাদ্দ হওয়া টাকার ব্যবহার নিশ্চিত করতে হবে। তাহলেই তথ্যপ্রযুক্তি খাত এগিয়ে যাবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্থানীয় সফটওয়্যার ও প্রযুক্তিনির্ভর সেবায় থাকা পাঁচ শতাংশ উৎসে মূল্য সংযোজন কর প্রত্যাহার, সাইবার নিরাপত্তা সফটওয়্যারের জন্য নতুন এইচএস কোডের মাধ্যমে শুল্কহার নির্ধারণ, ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি, মন্ত্রণালয় ও তাদের অধিভুক্ত সংস্থাগুলোর বাজেটের ১০ শতাংশ সফটওয়্যার এবং আইটিইএস খাতের জন্য বরাদ্দসহ তথ্যপ্রযুক্তি খাতে নারীদের ২ শতাংশ সুদে ঋণ দিতে ৩০০ কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব দিয়েছিল বেসিস। কিন্তু প্রস্তাবিত বাজেটে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বেসিসের সহসভাপতি ফাহিম আহমেদ ও পরিচালক এ কে এম আহমেদুল ইসলাম।