
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেছেন, ‘দেশের মেধাবী তরুণদের মাধ্যমে ভবিষ্যতে ব্লকচেইন প্রযুক্তির কেন্দ্রে পরিণত হবে বাংলাদেশ। এ জন্য ব্লকচেইন প্রযুক্তিকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে উদ্যোগও নেওয়া হয়েছে। দেশে ব্লকচেইন নিয়ে কাজ করা স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে আর্থিক অনুদান ও পরামর্শ দেওয়ার পাশাপাশি হাইটেক পার্কগুলোতে জায়গাও বরাদ্দ দেওয়া হবে।’ আজ বুধবার বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াড ২০২২’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
প্রতিযোগিতায় জামিলুর রেজা চৌধুরী চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছে মেসবুক। রৌপ্য ও ব্রোঞ্জপদক পেয়েছে ব্লু-ক্রিস্টাল ও টিম স্পন্দন দল। পেশাজীবী বিভাগে স্বর্ণপদক পেয়েছে লেভার। রৌপ্য ও ব্রোঞ্জপদক পেয়েছে ইউনিভার্সেল মেশিন ও ইউএপি ব্লকচেইন অ্যাপ্লিকেশন রিসার্চ। শিক্ষার্থী বিভাগে পুরস্কার পেয়েছে লরেন ইপ্সান, ক্রিপ্টো গিক, ব্লক চার্জ, বাইটচেইনার, ব্রেক দ্য কোড, ইয়েট অ্যানাদার, ফর টু জিরো এবং ব্লকবাস্টার্স।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো.আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবায়েত উল ইসলাম, এফবিসিসিআই পরিচালক এম এ মোমেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. কায়কোবাদ ও বেসিস সভাপতি রাসেল টি আহমেদ।
উল্লেখ্য, ব্লকচেইন হলো তথ্য সংরক্ষণ করার একটি নিরাপদ ও উন্মুক্ত পদ্ধতি। যে পদ্ধতি অনুযায়ী তথ্যগুলো বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয় এবং এতে তথ্যে মালিকানা সংরক্ষিত থাকে। এই পদ্ধতিতে তথ্য সংরক্ষণ করলে কোনো একটি ব্লকের তথ্য পরিবর্তন করতে চাইলে সেই চেইনে থাকা প্রতিটি ব্লকে পরিবর্তন আনতে হবে, যা অসম্ভব। তাই এই পদ্ধতিতে তথ্য সংরক্ষণ করা বেশ নিরাপদ।