হেল্পলাইন

ল্যাপটপের সাধারণ যত্ন

বহনযোগ্য হওয়ায় অনেকেই এখন ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করেন। নিয়মিত যত্ন নিলে ল্যাপটপ অনেক দিন ভালো থাকে। কয়েকটি বিষয় লক্ষ রাখলেই আপনার ল্যাপটপকে ভালো রাখতে পারেন।  ব্যাটারিতে সরাসরি বৈদ্যুতিক সংযোগ ছাড়া ল্যাপটপ চালানোর সময় পর্দার ঔজ্জ্বল্য কমিয়ে রাখুন। সরাসরি সূর্যের আলোতে ল্যাপটপ ব্যবহার করবেন না। কারণ, এতে আপনার ল্যাপটপ খুব দ্রুত গরম হয়ে যেকোনো ধরনের ক্ষতি হতে পারে। প্রসেসরের ওপর চাপ কমাতে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করে দিন। ব্যাটারির কানেক্টরের সংযোগস্থল মাঝেমধ্যে পরিষ্কার করুন। কাজ শেষে বিদ্যুৎ সংযোগ থেকে প্লাগ খুলে রাখুন। দরকারি উইন্ডো ট্যাবগুলো ছাড়া অন্য ট্যাবগুলো মিনিমাইজ অথবা বন্ধ করে রাখুন। সব সময় হার্ডডিস্ক থেকে মুভি ও গান চালানোর চেষ্টা করবেন। ল্যাপটপের সিডি/ডিভিডি-রম ড্রাইভের ওপর চাপ কমিয়ে দিন।  এয়ার ভেনটিলেটরের পথ খোলা রাখবেন এবং সহজে বাতাস চলাচল করে এমন স্থানে ল্যাপটপ রেখে কাজ করবেন। সম্ভব হলে কুলার ব্যবহার করতে পারেন, এতে বাতাস বের হয় এবং ল্যাপটপ ঠান্ডা থাকে। শাটডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ব্যবহার করতে পারেন। প্রয়োজন ছাড়া ব্লু-টুথ ও ওয়াই-ফাই সুবিধা বন্ধ রাখুন। সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানোর চেষ্টা করুন, তাহলে ব্যাটারি সচল থাকবে। অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল থেকে বিরত থাকুন এবং অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করে দিন।—আছিব চৌধুরী