গুগল জিবিজি

শীর্ষে ঢাকা

ওয়েবে তথ্য খোঁজার ওয়েবসাইট বা ই-মেইলসেবার বাইরে গুগলের নানা কার্যক্রম দুনিয়াজুড়েই পেয়েছে জনপ্রিয়তা। সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে পেশাদার—বিভিন্ন পর্যায়ের মানুষের জন্য নির্দিষ্ট সেবাও রয়েছে গুগলের। এর মধ্যে ব্যবসায় উদ্যোক্তা ও পেশাজীবীদের একত্র করে গুগলের বিভিন্ন ওয়েব প্রযুক্তির সুবিধার কথা তুলে ধরে গুগল বিজনেস গ্রুপ (জিবিজি)। গুগলের এসব ওয়েব প্রযুক্তি ব্যবহার করে ব্যবসাকে কী করে আরও বাড়ানো যায়, সেটিই মূল লক্ষ্য।বিশ্বের বিভিন্ন শহরে চালু আছে এসব গ্রুপ।কর্মকাণ্ডের ভিত্তিতে গ্রুপগুলোর মূল্যায়নও হয়ে থাকে। সম্প্রতি গোটা পৃথিবীর জিবিজিগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে জিবিজি ঢাকা।জিবিজি ঢাকাসারা বিশ্বে বর্তমানে ৬৫টি জিবিজি রয়েছে। অনেক শহরের মতো বাংলাদেশের রাজধানী ঢাকায় যে গ্রুপ কাজ করছে তার নাম ‘জিবিজি ঢাকা’ (www.gbgdhaka.org)। ২০১২ সালের জুনে যাত্রা শুরু করে এটি। বাংলাদেশের ব্যবসায়ী, প্রযুক্তিপ্রতিষ্ঠান ও পেশাজীবীদের একত্র করে ইন্টারনেটের সর্বোচ্চ সুবিধা তুলে ধরে জিবিজি ঢাকা। আর নানা কার্যক্রমের স্বীকৃতি হিসেবে চলতি বছরের প্রথম চার মাসের প্রতিবেদন অনুযায়ী ৬৫টি জিবিজির মধ্যে সেরা হয়েছে জিবিজি ঢাকা। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছে জিবিজি সাও পাওলো (ব্রাজিল) এবং তৃতীয় স্থানে আছে জিবিজি আলেক্সান্দ্রিয়া (মিসর)।জিবিজির নানা কাজজিবিজির মূল লক্ষ্যের মধ্যে রয়েছে গুগলের তৈরি করা নানা ধরনের ওয়েব প্রযুক্তি ব্যবহার করে—এমন কিছু দল গঠন করা। এই দলের সদস্যরা নিজেদের জ্ঞান পরস্পরের সঙ্গে ভাগাভাগি করবেন এবং ওয়েব প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করবেন। আর এ পুরো কাজটি করবে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী দল। এমন লক্ষ্যেই কাজ করে যাচ্ছে জিবিজি ঢাকা।জিবিজি ঢাকার নানা কার্যক্রম পরিচালনা করছেন এর তিন ব্যবস্থাপক নাশিদ ইসলাম, রিয়াদ হুসেইন ও সালমান হোসেন। আগে গুগলের সিঙ্গাপুর কার্যালয়ে চাকরি করেছেন নাশিদ ইসলাম। পরবর্তী সময়ে দেশে এসে নিজে একটি প্রতিষ্ঠান চালু করেন এবং জিবিজি ঢাকা চালুর ব্যাপারে উদ্যোগী হন। জিবিজি ঢাকার কার্যক্রম নিয়ে নাশিদ ইসলাম বলেন, চলতি বছরের এখন পর্যন্ত আটটি আয়োজন করা হয়েছে।এসব আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য হলো ই-কমার্স আওয়ার অ্যান্ড স্টার্টআপ উইকএন্ড মিনি বুটক্যাম্প, বিল্ডিং ব্র্যান্ড উইথ ডিজিটাল ম্যাপিং বাংলাদেশ, জিবিজি অ্যান্ড পিএমও ইনোভেশন আড্ডা, এমপাওয়ারমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট উইথ ওয়েব টুলস, ওমেন অন ওয়েব ওয়ার্কশপ ইত্যাদি।নাশিদ ইসলাম জানান, প্রায় প্রতিটি আয়োজনেই সংশ্লিষ্ট খাতের ব্যক্তিদের আনার চেষ্টা করা হয়েছে, যাঁরা নিজেদের নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন এক অপরের সঙ্গে।

মূলত বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার আরও বাড়িয়ে এর সুবিধাগুলো সবার কাছে সহজে পৌঁছে দিতে জিবিজি কাজ করে যাচ্ছে। গত বছরও চারটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

জিবিজির নিয়ম অনুযায়ী প্রতি মাসেই একটি করে আয়োজন করতে হয়। তবে একাধিক আয়োজনও করা হচ্ছে—বলেন অন্যতম ব্যবস্থাপক রিয়াদ হোসেন।

বর্তমানে জিবিজি ঢাকার সঙ্গে যুক্ত আছেন প্রায় এক হাজার স্থানীয় ব্যবসায়ী ও পেশাজীবীরা।আর আছেপ্রায় ৫০টি বাংলাদেশি শীর্ষ সংগঠন, যারা প্রযুক্তি নিয়ে কাজ করে।

জিবিজি ঢাকার অন্যতম ব্যবস্থাপক সালমান হোসেন বলেন, ‘আমাদের যাত্রা শুরু হয়েছিল খুব কম লোকজন নিয়ে, যা ধীরে ধীরে বেড়েই চলছে। জিবিজি ঢাকা বিশ্বাস করে, ইন্টারনেট বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দারুণ এক মাধ্যম।’

ব্যবসা, শিক্ষা, উদ্যোক্তা, সরকার— সবকিছুতেই প্রযুক্তি বেশ সাহায্য করতে পারে। সেটির জন্য সবাইকে ইন্টারনেটের ব্যবহার এবং এর মাধ্যমে এগিয়ে যাওয়ার পদ্ধতিগুলো বলে দেওয়া হচ্ছে। এর ফলে বর্তমানে অনেকেই নিজেদের মধ্যে যেমন সংযুক্ত হয়ে যাচ্ছে, তেমনি সুবিধাগুলো ব্যবহারের মাধ্যমে ব্যবসায়িকভাবেও এগিয়ে যাচ্ছে।

৬৫টি জিবিজির মধ্যে শীর্ষস্থান পাওয়ায় খুব শিগগির গুগলের একটি সম্মেলনে যাবে জিবিজি ঢাকার প্রতিনিধিরা। যেখানে এ সফলতার ব্যাপারে নিজেদের কথা তুলে ধরবেন জিবিজি ঢাকার ব্যবস্থাপকেরা। পুরো কার্যক্রমে উপদেষ্টা হিসেবে আছেন বাংলাদেশে গুগলের কান্ট্রি কনসালট্যান্ট কাজী মনিরুল কবীর। তিনি বলেন, ‘সারা বিশ্বেই গুগলের নানা ধরনের টুলস ব্যবহার করে অনেকেই ভালো করছে। সেবাগুলো ব্যবহার করে অনেকেই নিজের ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। জিবিজির মাধ্যমে আমরা সে বিষয়গুলোই বলছি।’

শুধু ঢাকাতেই নয়, দেশের অন্যান্য শহরেও জিবিজি চালু হোক এ পরিকল্পনা আছে বলেও জানালেন কাজীমনিরুলকবীর।জিবিজি ঢাকার নানা তথ্য পাওয়া যাবে ফেসবুক ফ্যানপেজে (facebook.com/GBGDhaka)।