
বর্তমানে প্রযুক্তি বাজারে থাকা ট্যাবলেট কম্পিউটারগুলোর চেয়ে সর্বোচ্চ রেজুলেশন যুক্ত নতুন ট্যাবলেট এনেছে গুগল। নেক্সাস ৭ নামের এ ট্যাবলেট সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়। ৭ ইঞ্চি এলসিডি আইপিএস পর্দার ট্যাবলেটটির রেজুলেশন ১৯২০*১২০০, যার প্রতি ইঞ্চি পিক্সেল ৩২৩। চতুর্থ প্রজন্মের সুবিধাযুক্ত নেক্সাস ৭ অ্যাপলের রেটিনা পর্দার আইপ্যাডের চেয়ে উন্নত বলে দাবি করেছে গুগল। এর আগে নেক্সাস ৭ নামের প্রথম অ্যান্ড্রয়েডচালিত ট্যাবলেট বাজারে এনে আলোড়ন সৃষ্টি করেছিল গুগল। এর এক বছরের মধ্যেই দ্বিতীয় প্রজন্মের নেক্সাস ৭ অবমুক্ত করল প্রতিষ্ঠানটি। গত মে মাসের আই/ও সম্মেলনে ট্যাবলেটটি বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছিল। নাম একই রেখে দাম এবং বৈশিষ্ট্যের ক্ষেত্রে পরিবর্তন এনেছে গুগল। নতুন নেক্সাস ৭-এ রয়েছে ১.৫ গিগাহার্জ কোয়ালকম স্ন্যাপড্রাগন এস৪ ৮০৬৪ প্রসেসর, অ্যাড্রিনো ৩২০ গ্রাফিকস প্রসেসিং ইউনিট, ২ গিগাবাইট র্যাম, ১০ ঘণ্টা ব্যাটারি লাইফ, সামনের ক্যামেরা এবং পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। অ্যান্ড্রয়েডের সর্বশেষ ৪.৩ জেলি বিন সংস্করণ চলবে এ ট্যাবলেটে। নানা সুবিধা নেক্সাস ৭ ১৬ গিগাবাইট এলটিই মডেলের দাম ২২৯ ডলার। এ ছাড়া ৩২ গিগাবাইটেরটি পাওয়া যাবে ২৬৯ ডলারে। চলতি মাসের শেষের দিক থেকেই যুক্তরাষ্ট্রের ক্রেতারা কিনতে পারবেন ট্যাবলেটটি। যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য, জার্মানি, জাপান, স্পেন, ফ্রান্সসহ অন্যান্য দেশেও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে নতুন যন্ত্রটি।
—দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম