বাংলা ১ম পত্র

সৃজনশীলতা চাই প্রতিটি প্রশ্নের উত্তরে

 সাইফুল আলম, সহকারী অধ্যাপক ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ঝিনাইদহ
প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, বাংলা প্রথম পত্র সৃজনশীল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ক. সৃজনশীল অংশ = ৬০ নম্বর। খ. বহু নির্বাচনি প্রশ্ন থাকবে ৪০টি, মান ৪০ নম্বর। শিক্ষার্থীর দক্ষতার স্তরের (জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতার) ওপর ভিত্তি করেই পরীক্ষক নম্বর দেন। উত্তর লেখার ক্ষেত্রে শব্দচয়ন, বাক্য গঠন ও উপস্থাপনায় থাকতে হবে সৃজনশীলতা।
পরীক্ষার্থী যদি দক্ষতার স্তর অনুযায়ী লিখতে পারে, তবে সে ওই দক্ষতার স্তরের জন্য বরাদ্দ করা পূর্ণ নম্বর পাবে। জ্ঞানমূলক প্রশ্নের নম্বর ১। এ প্রশ্নের উত্তরের জন্য সর্বোচ্চ তিনটি বাক্য লেখা যাবে। তবে এ প্রশ্নের উত্তর এক বাক্যে দেওয়া সম্ভব। জ্ঞানমূলক প্রশ্নের তথ্য লিখতে গিয়ে বানান ভুল করলে কোনো নম্বর পাওয়া যাবে না।
অনুধাবনমূলক প্রশ্নের নম্বর ২। এ প্রশ্নের উত্তরের জন্য সর্বোচ্চ পাঁচটি বাক্য লেখা যাবে। এ প্রশ্নে জ্ঞানের জন্য ১ নম্বর ও অনুধাবনের জন্য ১ নম্বর বরাদ্দ আছে। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর এক-দুই প্যারায় লেখা যায়।
প্রয়োগমূলক প্রশ্নের জন্য ৩ নম্বর বরাদ্দ আছে। প্রয়োগমূলক প্রশ্নের উত্তর সর্বোচ্চ ১২ বাক্যে লেখা যাবে। উত্তরটি ১ প্যারা বা দুই-তিন প্যারা করেও লেখা যেতে পারে। উদ্দীপকের সঙ্গে সন্নিহিত গল্প/ প্রবন্ধ/ কবিতার ভাবের/ ভাবের কোনো দিকের সাদৃশ্য বা বৈসাদৃশ্যমূলক দিকটি হলো জ্ঞান। এই জ্ঞান/ তথ্য এক-দুটি বাক্যে লিখতে হবে। মূল বইয়ের সংশ্লিষ্ট দিকটি পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা করতে পারাই হলো অনুধাবন। এই অনুধাবন ছয়-সাতটি বাক্যে লিখবে। অনুধাবনের দিকটি কীভাবে উদ্দীপকে প্রতিফলিত হয়েছে, তা বর্ণনা করাই হলো প্রয়োগ।
উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের নম্বর ৪। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তর সর্বোচ্চ ১৫ বাক্যে লেখা যাবে। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জ্ঞান, অনুধাবন ও প্রয়োগদক্ষতার স্তর লেখার নিয়ম আগের অনুচ্ছেদের প্রয়োগমূলক প্রশ্নের উত্তর লেখার অনুরূপ। উচ্চতর দক্ষতা বলতে বোঝায় বিশ্লেষণ/ সংশ্লেষণ/ যাচাই করে সিদ্ধান্ত নিতে/ সমাধান করতে পারা। উদ্দীপকে মন্তব্যমূলক অনুসিদ্ধান্ত থাকে। এই সিদ্ধান্তটি সঠিক না ভুল। যদি ভুল হয়, কেন তা ভুল, বিশ্লেষণ করে উদ্দীপকে প্রয়োগ করে দেখাতে হবে। অনুসিদ্ধান্তটি যদি আংশিক ঠিক হয়, তবে পাঠ্যবই ও উদ্দীপকের কোন অংশের সাদৃশ্য আছে এবং কোন অংশের সাদৃশ্য নেই, তা বিশ্লেষণ করে দেখাতে হবে। উচ্চতর দক্ষতার জন্য তিন-চারটি বাক্য লিখবে। যদি প্রশ্নের চাহিদা মোতাবেক বেশি বাক্য লিখতে হয়, তবে অনুধাবন ও প্রয়োগ অংশের উত্তরের বাক্য সংক্ষিপ্ত করার চেষ্টা করবে।
নির্ধারিত সময়ে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। ছয়টি প্রশ্নের উত্তর দিতে হলে সময় ব্যবস্থাপনায় মনোযোগ দিতে হবে। সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে শিক্ষার্থীর দক্ষতা যাচাই করাই হলো মূলবিষয়।