
নামের পাশে যখন অনেক পুরস্কার থাকে, যখন বিভিন্ন প্রতিযোগিতায় একের পর এক একজন মানুষের নামই উচ্চারিত হতে থাকে, তখন সেই মানুষটাকে নিয়ে কৌতূহল হওয়াটাই স্বাভাবিক। তার ওপর যদি পুরস্কারগুলো আন্তর্জাতিক পর্যায়ের হয়ে থাকে, তবে তো কথাই নেই। সৌরভ দাস তেমনই একজন। গণিত দিয়েই যেন বিশ্ব মাতানোর পণ করেছে চাঁদপুরের এই তরুণ। এ বছর এশিয়া-প্যাসিফিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে অর্জন করেছে রৌপ্যপদক। এশিয়া-প্যাসিফিকে আগের বছর সৌরভ পেয়েছিল ব্রোঞ্জপদক। তবে গণিতের ভুবনে সৌরভের সবচেয়ে বড় সাফল্য ২০১২ সালের আর্জেন্টিনায় অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে’ ব্রোঞ্জপদক লাভ।
সৌরভ কীভাবে সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলেছে, তা-ই শোনা যাক এবার। সৌরভ পড়ছে ঢাকা কলেজে দ্বাদশ শ্রেণীতে, বিজ্ঞান বিভাগে। খেলাধুলা আর পড়াশোনা নিয়েই যার দিনগুলো কেটে যেত, গণিতের জটিল ভুবনে তার বিচরণ আসলে খুব বেশি দিনের নয়। সৌরভের নিজের ভাষ্যে, ‘সপ্তম শ্রেণীতে পড়ার আগে গণিতে খুব বেশি ভালো ছিলাম না। সপ্তম শ্রেণীর শেষের দিকে গণিত উৎসবে অংশ নিয়ে বিভাগীয় পর্যায় থেকে বাদ পড়ি। তারপর অষ্টম শ্রেণীতে জাতীয় পর্যায়ে ভালো করলেও জাতীয় গণিত ক্যাম্পে সুযোগ হয়নি। এরপর জেদ চেপে যায়। সবকিছু বাদ দিয়ে সারা দিন শুধু গণিত নিয়েই পড়ে থাকতাম। তার ফলই দশম শ্রেণীর শেষে জাতীয় গণিত দলে সুযোগ পাওয়া।’
২০০৯ সাল থেকে ২০১২ সাল বাংলাদেশ জাতীয় গণিত উৎসবে রানারআপ থেকে শুরু করে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস হওয়ার গৌরব আছে সৌরভের ঝুলিতে। শুধু গণিতই নয়, বিজ্ঞানের অন্যান্য শাখাও সমান টানে তাকে। তার প্রমাণ বিভিন্ন বিজ্ঞান প্রতিযোগিতায় তার পুরস্কারপ্রাপ্তি।
জাতীয় গণিত ক্যাম্পে অংশ নেওয়ার জন্য এসএসসি পরীক্ষার মধ্যেও ঢাকায় এসে হাজির হয়েছিল সৌরভ—গণিতের প্রতি সৌরভের ঝোঁক ছিল এতটাই। তারপরও সব বিষয়ে জিপিএ-৫ নিয়ে সৌরভ এসএসসি সম্পন্ন করেছে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় থেকে। অষ্টম শ্রেণীতেও ট্যালেন্টপুলে বৃত্তি পায় সে। বাবা-মাও তাকে অনেক সাহায্য করেছেন। সৌরভের বাবা অধ্যাপক গৌতম বুদ্ধ দাস চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর মা সুচেতা ভৌমিক গৃহিণী।
সৌরভের মতে, তার এই পথচলায় সবচেয়ে বেশি ত্যাগ তার স্নেহশীল বাবা আর বাস্তববাদী মায়ের। একমাত্র বোন অরিত্রা দাশ সপ্তম শ্রেণীতে পড়ছে।
দেশটাকে নিয়ে অনেক চিন্তা করে সৌরভ। রাজনীতিতে আসার ইচ্ছা আছে। আপাতত এইচএসসি শেষ করে ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় সৌরভ। সৌরভ স্বপ্ন দেখে গণিতকে ছড়িয়ে দেওয়ার, শিশু-কিশোরদের মধ্যে। কারণ, গণিতই একমাত্র বিষয়, শুধু সত্যকেই প্রকাশ করে যা, আর সৌরভ সত্যের পথেরই পথিক।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ৫৪তম আসর বসবে এ বছর কলাম্বিয়ায়, ১৮-২৮ জুলাই। সৌরভও রয়েছে চার সদস্যের সেই দলে। এবারের ‘আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে’ আগের ফলাফলকে ছাড়িয়ে যেতে চায় সৌরভ। সৌরভের ভাষায়, ‘গত বছর পয়েছি ব্রোঞ্জপদক। এবার গত বারের চেয়ে ভালো করতে চাই। প্রস্তুতিও নিচ্ছি সেভাবে। দোয়া করবেন, যেন দেশের জন্য বড় কোনো সম্মান বয়ে আনতে পারি।’