
হুয়াওয়ের সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতার তৃতীয় পর্বের জন্য নির্বাচিত হয়েছেন ৩০ শিক্ষার্থী। প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে অংশ নেওয়া ২০০ শিক্ষার্থীর মধ্য থেকে পরীক্ষার ফলাফল, মেধা ও উদ্ভাবনী ক্ষমতা বিবেচনা করে এই ৩০ শিক্ষার্থীকে নির্বাচন করা হয়। তথ্যপ্রযুক্তিবিষয়ক এ প্রতিযোগিতার মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে প্রশিক্ষণ দিয়ে থাকে হুয়াওয়ে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে হুয়াওয়ে জানিয়েছে, এ বছর ‘সিডস ফর দ্য ফিউচার ২০২২ বাংলাদেশ’ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থী অংশ নেন। তৃতীয় পর্বে বিজয়ী ৯ শিক্ষার্থী থাইল্যান্ডে অনুষ্ঠেয় প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আঞ্চলিক পর্বে বিজয়ীদের নিয়ে সিঙ্গাপুরে আয়োজন করা হবে ‘টেক ফর গুড অ্যাকসেলেরেটর ক্যাম্প’।
এ বিষয়ে হুয়াওয়ে বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স ও কমিউনিকেশনস বিভাগের প্রধান ইউইং কার্ল বলেন, ‘৯ বছর আগে বাংলাদেশে সিডস ফর দ্য ফিউচার (এসএফটিএফ) কর্মসূচি চালু করে হুয়াওয়ে। এ কর্মসূচি বাংলাদেশের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করতে ভূমিকা রাখবে। পরবর্তী পর্বগুলোতে শিক্ষার্থীরা অনেক কিছু শিখবে বলে আমি আশা করছি।’
সিডস ফর দ্য ফিউচার ২০০৮ সালে থাইল্যান্ডে প্রথম চালু হয়। বর্তমানে ১৩৭টি দেশে এ কর্মসূচি পরিচালনা করছে হুয়াওয়ে।