নাটোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গত রোববার নিরাপত্তা সচেতনতা বিষয়ে ‘কমিউনিটি সেফটি অ্যাওয়ারনেস’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নিয়ে আলোচনা করা হয়। কর্মশালার প্রধান অতিথি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, জনগণের জন্য জরুরি সেবা নিশ্চিত করতে সরকার আইসিটি বিভাগের মাধ্যমে জাতীয় জরুরি সেবা চালু করেছে। যে-কেউ অ্যাপ ব্যবহার করে ৯৯৯ নম্বরে ফোন করলে সেবাকেন্দ্র থেকে তাঁর অবস্থান নিশ্চিত করে সেবা পৌঁছে দেওয়া হবে।
নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে এই কর্মশালায় উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সাংসদ আব্দুল কুদ্দুস, নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সাংসদ মো. আবুল কালাম।