ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আধেয় (কনটেন্ট) প্রকাশ করে আয় করছেন অনেকেই। কিন্তু সঠিক জ্ঞান ও দিকনির্দেশনার অভাবে মান সম্পন্ন আধেয় তৈরি করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এ সমস্যার সমাধান করতে বাজারে এসেছে লেখক ও সাংবাদিক মিজানুর রহমানের নতুন বই ‘কনটেন্ট ক্রিয়েটর’। বইটিতে কারও সাহায্য ছাড়াই মান সম্পন্ন আধেয় তৈরির পদ্ধতি তুলে ধরার পাশাপাশি সফল হওয়ার দিকনির্দেশনা সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।
বইটিতে আকর্ষণীয় আধেয় তৈরির ধারণা নির্বাচন ও ট্রেন্ড বিশ্লেষণের বিজ্ঞানসম্মত পদ্ধতি তুলে ধরা হয়েছে, যা নির্মাতাদের সঠিক ও সময়োপযোগী বিষয় নির্বাচন করতে সহায়তা করবে। বইটিকে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক ধরে রাখার কৌশলসহ প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনভিত্তিক সংবাদমাধ্যমে মাল্টিমিডিয়া টিম ও কনটেন্ট পরিচালনার পূর্ণাঙ্গ তথ্যও তুলে ধরা হয়েছে। মেধাস্বত্ব আইন ও কমিউনিটি গাইডলাইনের বিশ্লেষণ এবং কনটেন্ট মনিটাইজেশনকে লাভজনক ব্যবসায় রূপান্তরের বিস্তারিত তথ্যও জানা যাবে বইটিতে।
বইটিতে নির্মাতাদের জন্য সেরা ১০০টি এআই টুলস ও ১০০টি ট্রেন্ড বিশ্লেষণ টুলস সম্পর্কেও তথ্য রয়েছে। এ ছাড়া বিনা মূল্যে বিভিন্ন ডিজিটাল রিসোর্স ব্যবহারের দিকনির্দেশার পাশাপাশি ধাপে ধাপে সফল ইনফ্লুয়েন্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পূর্ণাঙ্গ গাইডলাইন তুলে ধরা হয়েছে বইটিতে। টাইমস পিআর পাবলিকেশনস থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ মূল্য ৬৬৭ টাকা। বিভিন্ন বইয়ের দোকানের পাশাপাশি বুকস কর্নারের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে বইটি।
বইটি সম্পর্কে মিজানুর রহমান জানান, কনটেন্ট তৈরিকে যদি কেউ দীর্ঘমেয়াদি পেশা ও পরিচয় হিসেবে গড়ে তুলতে চান, তবে বইটি তার জন্য শ্রেষ্ঠ বিনিয়োগ। এটি কেবল একটি বই নয়; বরং একটি সফল ক্যারিয়ার গড়ার পূর্ণাঙ্গ গাইডলাইন। কনটেন্টের ধারণা থেকে শুরু করে মনিটাইজেশন পর্যন্ত প্রতিটি ধাপ এখানে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে, যা একজন নির্মাতাকে সফল হতে সহায়তা করবে।