অনলাইনে থাকা পরিচিত ব্যক্তিদের তথ্য জানাতে নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। সুবিধাটি চালু হলে কোনো পরিচিত ব্যক্তি অনলাইনে থাকলে তাঁর প্রোফাইল ছবিতে একটি ছোট সবুজ বিন্দু দেখা যাবে। ফলে বর্তমানের মতো ‘অনলাইন’ লেখা দেখে নিশ্চিত হওয়ার প্রয়োজন হবে না। একনজরেই বোঝা যাবে তিনি তখন হোয়াটসঅ্যাপে সক্রিয় আছেন। এরই মধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর সুবিধাটির কার্যকারিতা পরীক্ষা করে দেখছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
সুবিধাটি চালু হলে পরিচিত ব্যক্তিদের অনলাইনে সক্রিয় থাকার অবস্থা জানতে আলাদাভাবে তাঁদের চ্যাটবক্সে প্রবেশ করতে হবে না। ব্যবহারকারী অনলাইনে থাকলে তাঁর প্রোফাইল ছবির নিচের ডান পাশে একটি সবুজ বিন্দু দেখা যাবে। অফলাইনে গেলে সেটি স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। পরীক্ষামূলকভাবে সুবিধাটি ব্যবহার করা ব্যক্তিদের তথ্যমতে, প্রাথমিকভাবে সবুজ বিন্দুটি শুধু কন্ট্যাক্ট ইনফো পেজে দেখা যাচ্ছে। ফলে চ্যাট তালিকা বা ‘চ্যাটস’ ট্যাব আগের মতোই রয়েছে।
হোয়াটসঅ্যাপের গোপনীয়তা সেটিংস পরিবর্তন করে অনেকেই তাঁদের অনলাইন উপস্থিতি অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখেন। নতুন সুবিধাটিতেও একই সুযোগ পাওয়া যাবে। ফলে ব্যবহারকারীদের গোপনীয়তা ভঙ্গ হবে না। কোনো ব্যবহারকারী যদি নির্দিষ্ট ব্যক্তি বা সবার কাছ থেকে নিজের অনলাইন অবস্থা গোপন রাখতে চান, তবে তাঁর প্রোফাইলে সবুজ বিন্দু দেখা যাবে না। ফলে নিজের অনলাইন অবস্থা প্রদর্শনের নিয়ন্ত্রণ আগের মতোই ব্যবহারকারীর হাতেই থাকবে।
হোয়াটসঅ্যাপ সাধারণত নতুন কোনো সুবিধা সবার জন্য উন্মুক্ত করার আগে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর পরীক্ষা করে থাকে। আর তাই শিগগিরই সুবিধাটি ধাপে ধাপে উন্মুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: টেকলুসিভ