সেমিনারে বক্তব্য দিচ্ছেন স্কিলআপারের প্রতিষ্ঠাতা শামীম হুসাইন
সেমিনারে বক্তব্য দিচ্ছেন স্কিলআপারের প্রতিষ্ঠাতা শামীম হুসাইন

ফ্রিল্যান্সার থেকে টেকসই স্টার্টআপ গড়ে তোলার কৌশল শিখলেন শিক্ষার্থীরা

পড়ালেখা বা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করে আয় করছেন অনেকে। কেউ আবার ফ্রিল্যান্সিংকেই পুরোদস্তুর পেশা হিসেবে বেছে নিয়েছেন। সফল ফ্রিল্যান্সাররা চাইলেই নিজেদের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের স্টার্টআপ গড়ে তুলতে পারেন। আর তাই শিক্ষার্থীদের ফ্রিল্যান্সার থেকে টেকসই স্টার্টআপ গড়ে তোলার দিকনির্দেশনা দিতে আজ সোমবার ‘ফ্রিল্যান্সিং থেকে স্টার্টআপ যাত্রা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই সেমিনারে প্রধান বক্তা ছিলেন স্কিলআপারের প্রতিষ্ঠাতা শামীম হুসাইন।

সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ সেমিনারে ফ্রিল্যান্সারদের সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান বা স্টার্টআপ চালুর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল বিপণন কৌশল শেখার ওপর জোর দেন শামীম হুসাইন। তিনি জানান, সফল উদ্যোক্তা হওয়ার জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সঠিকভাবে বাজার বিশ্লেষণ ও কর্মী নির্বাচন করতে হবে। একটি টেকসই স্টার্টআপ গড়তে হলে ৫ বছরের দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী প্রতিদিন কাজ করতে হবে। এ ছাড়া বাজার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তনের মানসিকতা থাকতে হবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. কামরুজ্জামান দিদার প্রথম আলোকে বলেন, ‘আমরা সব সময় চাই আমাদের বিভাগের শিক্ষার্থীরা যেন সেরা ও সময়োপযোগী বিষয়গুলো শিখতে পারে। আমি বিশ্বাস করি, এই সেমিনার থেকে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং শুরু করার সাহস ও সঠিক দিকনির্দেশনা লাভ করবে এবং ভবিষ্যতে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের উদ্যোগ ও ব্যবসা গড়ে তুলতে সক্ষম হবে।’