
ডেল টেকনোলজিসের মর্যাদাপূর্ণ ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার—ইমার্জিং মার্কেট’ সম্মাননা পেয়েছে বাংলাদেশের প্রযুক্তিপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বাংলাদেশে সার্ভার ব্যবসায় অসামান্য দক্ষতা ও অবদান রাখায় এ সম্মাননা পেয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
গত বুধবার থাইল্যান্ডের ফুকেটে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের হাতে সম্মাননা তুলে দেন ডেল টেকনোলজিসের ইমার্জিং মার্কেটস বিভাগের ব্যবস্থাপনা পরিচালক চিন ওয়াহ মাক ও প্রোডাক্ট অ্যান্ড সলিউশনস সেলস স্পেশালিস্ট বিভাগের জ্যেষ্ঠ পরিচালক লুকাস সল্টার। এ সময় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আবু মোস্তফা চৌধুরী ও ডেল বাংলাদেশের চ্যানেল সেলস পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার তামজিদ আজাদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ডেল টেকনোলজিসের কাছ থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করা স্মার্ট টেকনোলজিসের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। এই স্বীকৃতি ক্রেতা, অংশীদার এবং নিবেদিতপ্রাণ কর্মীদের; যাঁদের অব্যাহত সহযোগিতা ও বিশ্বাসের ফলে এই অর্জন সম্ভব হয়েছে।
ব্যবসায়িক কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক আইটি অবকাঠামোর ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এন্টারপ্রাইজ সার্ভার এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডেল টেকনোলজিসের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে তাদের পরিবর্তনশীল ব্যবসায়িক চাহিদা অনুযায়ী এন্টারপ্রাইজ কম্পিউটিং সলিউশন দিয়ে সহযোগিতা করছে।