কানাডার সরকারি কর্মীরা অফিস থেকে দেওয়া ফোনে ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস ও উইচ্যাট অ্যাপ ব্যবহার করতে পারবেন না
কানাডার সরকারি কর্মীরা অফিস থেকে দেওয়া ফোনে ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস ও উইচ্যাট অ্যাপ ব্যবহার করতে পারবেন না

সরকারি ফোনে রাশিয়ার ‘ক্যাসপারস্কি’ ও ‘উইচ্যাট’ অ্যাপ নিষিদ্ধ করল কানাডা

সরকারি কর্মীদের ব্যবহৃত সব ফোনে রাশিয়ায় তৈরি ‘ক্যাসপারস্কি’ অ্যান্টিভাইরাস ও চীনের ‘উইচ্যাট’ মেসেজিং অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে কানাডা। এ নিষেধাজ্ঞার ফলে কানাডার সরকারি কর্মীরা অফিস থেকে দেওয়া ফোনে ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস ও উইচ্যাট অ্যাপ ব্যবহার করতে পারবেন না। ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস ও উইচ্যাট অ্যাপের কারণে সরকারি কর্মীদের ফোনে থাকা তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা ঝুঁকিতে পড়ায় শঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে কানাডা।

এ বিষয়ে কানাডার ট্রেজারি বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, সরকারি নেটওয়ার্কে নিরাপত্তা নিশ্চিত করতেই ক্যাসপারস্কি ও উইচ্যাট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সরকারের দেওয়া ফোনগুলো থেকে ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস ও উইচ্যাট অ্যাপ মুছে ফেলার পাশাপাশি ভবিষ্যতে এগুলোর ডাউনলোড (নামানো) সুবিধাও ব্লক করা হবে।

কানাডা সরকারের এ সিদ্ধান্তে বিস্ময় ও হতাশা প্রকাশ করে ক্যাসপারস্কি কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো সতর্কবার্তা বা সরকারি উদ্বেগ কমানোর সুযোগ না দিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উইচ্যাটের মূল প্রতিষ্ঠান টেনসেন্ট এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও আজ মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই চীনের একটি উদ্যোগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা।

সূত্র: রয়টার্স, লাইভমিন্ট ডটকম