গুগল আইও সম্মেলনের লোগো
গুগল আইও সম্মেলনের লোগো

আইও সম্মেলনের দিনক্ষণ জানাল গুগল

বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অ্যান্ড্রয়েড ডেভেলপার ও প্রোগ্রামারদের জন্য প্রতিবছরই বড় পরিসরে ‘গুগল আইও’ সম্মেলনের আয়োজন করে থাকে গুগল। সম্মেলনের বিষয়ে অ্যান্ড্রয়েড ডেভেলপারসহ ব্যবহারকারীদের আগ্রহ থাকায় সম্প্রতি সম্মেলনের দিনক্ষণ ঘোষণা করেছে গুগল। গুগলের তথ্যমতে, আগামী ১৯ ও ২০ মে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউর শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে হবে এ বছরের গুগল আইও সম্মেলন। বার্ষিক এ সম্মেলনের শুরুতে বক্তব্য দেবেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই ও গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেমিস হাসাবিস। এরপর পর্যায়ক্রমে গুগলের বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা নতুন প্রযুক্তি প্রদর্শন করবেন।

গুগলের তথ্যমতে, সম্মেলনে গুগলের বিভিন্ন সেবা ও প্রযুক্তির ওপর বরাবরের মতোই একাধিক সেশন আয়োজন করা হলেও মূল আলোচ্য সূচি এখনো নির্ধারণ করা হয়নি। তবে বাজার বিশ্লেষকদের ধারণা, এ বছরের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসহ বিভিন্ন হালনাগাদ প্রযুক্তিপণ্য প্রদর্শন করতে পারে গুগল। এ ছাড়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা যুক্ত করাসহ জেমিনি চ্যাটবট হালনাগাদের ঘোষণাও দেওয়া হতে পারে।

বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অ্যান্ড্রয়েড ডেভেলপার ও ব্যবহারকারীদের জন্য এবারও উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন সেশন অনলাইনে সরাসরি সম্প্রচার করবে গুগল। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভার্চ্যুয়ালি গুগল আইও সম্মেলনের খুঁটিনাটি তথ্য জানা যাবে।

প্রসঙ্গত, আইও সম্মেলনে গুগল তার ভবিষ্যৎ প্রযুক্তি ও পণ্যের ধারণা তুলে ধরে থাকে। শুধু তা–ই নয়, ভবিষ্যতে আসতে যাওয়া প্রযুক্তির ধারণাও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। তাই গুগল আইও সম্মেলনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সারা বিশ্বের অ্যান্ড্রয়েড ডেভেলপার ও ব্যবহারকারীরা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস