ল্যারি পেজ ও ইলন মাস্ক (ডানে)
ল্যারি পেজ ও ইলন মাস্ক (ডানে)

ল্যারি পেজের সঙ্গে বন্ধুত্ব নষ্টের পেছনে এআই, জানালেন ইলন মাস্ক

টেসলা, স্পেসএক্স ও নিউরালিংকের প্রতিষ্ঠাতা ও এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে একসময় দারুণ বন্ধুত্ব ছিল গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের; কিন্তু কয়েক বছর ধরেই তাঁদের মধ্যে আর বন্ধুত্বের সম্পর্ক নেই। এ বিষয়ে প্রযুক্তিবিশ্বে কানাঘুষা থাকলেও এবার ল্যারি পেজের সঙ্গে বন্ধুত্ব নষ্টের কারণ নিজেই জানিয়েছেন ইলন মাস্ক। নিজের মালিকানাধীন এক্সে প্রকাশিত এক ভিডিওতে ল্যারি পেজের সঙ্গে তার পুরোনো বন্ধুত্বের কথা মনে করিয়ে দিয়ে ইলন মাস্ক জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও সুরক্ষাপদ্ধতি নিয়ে মতবিরোধের কারণে ল্যারি পেজের সঙ্গে এখন আর বন্ধুত্বের সম্পর্ক নেই।

ল্যারি পেজ ছিলেন ইলন মাস্কের ভালো বন্ধুদের একজন। ইলন মাস্ক ওপেনএআই শুরুর সময় গুগলের শীর্ষস্থানীয় এআই বিজ্ঞানী ইলিয়া সুটস্কেভারকে নিয়োগ করেন। এই নিয়োগের কারণেই ইলন ও ল্যারির মধ্যে কথা বলা বন্ধ হয়ে যায়। তখন ল্যারি ইলনকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছিলেন।

জানা গেছে, ল্যারি পেজের সিলিকন ভ্যালির বাসায় একসময় থাকতেন ইলন মাস্ক। তাঁদের বন্ধুত্বের সম্পর্ক এতটাই গভীর ছিল যে ২০১৬ সালে মার্কিন সাময়িকী ফরচুন ইলন মাস্ক ও ল্যারি পেজকে প্রযুক্তি জগতের সেরা বন্ধু হিসেবে উল্লেখ করেছিল। তবে এআইয়ের সম্ভাব্য ব্যবহার ও বিপদ সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামতের কারণে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া