
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মানসম্পন্ন গ্রাহকসেবা পরিচালনার সুযোগ দিতে নিজেদের ভার্চ্যুয়াল এজেন্টের নতুন সংস্করণ উন্মোচন করেছে জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম। জুম ভার্চ্যুয়াল এজেন্ট (জেডভিএ ৩.০) নামের সংস্করণটি স্বয়ংক্রিয়ভাবে জুম ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যার সমাধান করবে। এর ফলে একই বিষয়ে বারবার যোগাযোগের প্রয়োজন হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
জুমের তথ্য অনুযায়ী, ভার্চ্যুয়াল এজেন্টের নতুন সংস্করণটি ভয়েস ও চ্যাট—উভয় মাধ্যমেই ব্যবহার করা যাবে। ব্যবহারকারীদের জমা দেওয়া নথি, ফরম বা ছবি বিশ্লেষণ করে নিজেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে সংস্করণটি। এর ফলে বিভিন্ন সমস্যার সমাধান মানুষের সাহায্য ছাড়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা যাবে। সংস্করণটি ধাপে ধাপে সবার জন্য উন্মুক্ত করা হবে।
জুম জানিয়েছে, জেডভিএ ৩.০ তাদের করপোরেট গ্রাহকদের ‘ফার্স্ট কন্টাক্ট রেজোল্যুশন’ বা ‘প্রথম যোগাযোগেই সমাধান’ নিশ্চিত করতে সহায়তা করবে। পাশাপাশি যোগাযোগে পুনরাবৃত্তি কমানো এবং শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ কর্মপ্রবাহ সম্পন্ন করার সক্ষমতাও বাড়াবে।
ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে জুম একটি ব্যবসাপ্রতিষ্ঠানভিত্তিক ক্লাউড যোগাযোগসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নতুন সংস্করণের মাধ্যমে গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা (সিআরএম), বিলিং, অর্ডার ব্যবস্থাপনাসহ বহু ধাপের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা যাবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস