কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবার চাহিদা দ্রুত বাড়তে থাকায় ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের উচ্চক্ষমতাসম্পন্ন প্রসেসর ও প্রয়োজনীয় অবকাঠামো ব্যবহার করতে চুক্তি করেছে গুগল। চুক্তির আওতায়, অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত স্পেসএক্সের প্রায় ১ লাখ ১০ হাজার উচ্চক্ষমতাসম্পন্ন প্রসেসর ও প্রয়োজনীয় অবকাঠামো ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। এ জন্য স্পেসএক্সকে প্রতি মাসে ৯২ কোটি ডলার পরিশোধ করতে হবে গুগলকে।
বর্তমানে বিশ্বজুড়ে লার্জ ল্যাংগুয়েজভিত্তিক এআই মডেল প্রশিক্ষণ, পরিচালনা ও উন্নয়নে বর্তমানে এসব উচ্চক্ষমতাসম্পন্ন যন্ত্রাংশের চাহিদা দ্রুত বাড়ছে। আর তাই স্পেসএক্সের মালিকানাধীন উচ্চক্ষমতাসম্পন্ন প্রসেসর ও সংশ্লিষ্ট অবকাঠামো ভাড়ায় ব্যবহার করবে গুগল। চুক্তির তথ্য অনুযায়ী, গুগলকে এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ), সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ), মেমোরি ও অন্যান্য প্রয়োজনীয় কম্পিউটিং সরঞ্জাম সরবরাহ করবে স্পেসএক্স।
চুক্তি প্রসঙ্গে গুগলের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘সম্প্রতি চালু হওয়া এআই সেবাগুলোর ব্যবহার প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। গুগল ক্লাউড ও স্পেসএক্স দীর্ঘদিনের অংশীদার। আমাদের এআই এজেন্ট প্ল্যাটফর্ম জেমিনি এন্টারপ্রাইজের গ্রাহক চাহিদা ধারণার চেয়েও বেশি হওয়ায় অতিরিক্ত সক্ষমতা নিশ্চিত করতে স্বল্পমেয়াদি এই চুক্তি করা হয়েছে।’
গুগলের চুক্তির শর্ত ও মেয়াদের সঙ্গে গত মে মাসে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সঙ্গে স্পেসএক্সের করা চুক্তির অনেকটাই মিল রয়েছে। সেই চুক্তির আওতায় ২০২৯ সাল পর্যন্ত প্রতি মাসে ১২৫ কোটি ডলারের বিনিময়ে টেনেসির মেমফিসে অবস্থিত ‘কলোসাস ১’ ডেটা সেন্টারের পুরো ক্ষমতা ব্যবহার করবে অ্যানথ্রপিক। ডেটা সেন্টারটি মূলত ইলন মাস্কের এআই প্রতিষ্ঠান এক্সএআইয়ের জন্য তৈরি করা হয়েছিল।
অ্যানথ্রপিকের তুলনায় গুগলের নিজস্ব কম্পিউটিং অবকাঠামো অনেক বড়। বিভিন্ন বিশ্লেষণ প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, এআই কম্পিউটিং সক্ষমতার দিক থেকে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর অন্যতম গুগল। ফলে নতুন এ চুক্তিকে গুগলের এআই সেবাগুলোর চাহিদা প্রত্যাশার চেয়েও দ্রুত বাড়ার ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সূত্র: টেক ক্র্যান্চ