কম্পিউটারের মাথা ঠান্ডা রাখতে হবে, নয়তো বিপদ

ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার কেনার সময় প্রয়োজন বুঝে প্রসেসর, র​্যাম, হার্ডডিস্ক ড্রাইভ বা গ্রাফিকস কার্ড কেনা হয়। কিন্তু কম্পিউটারের কুলার সিস্টেম (যন্ত্রাংশ ঠান্ডা রাখার ব্যবস্থা) সম্পর্কে ধারণা না থাকায় ভালো মানের কুলিং সিস্টেম কেনা হয় না। ফলে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি গরম হয়ে যায়। বিভিন্ন সমস্যা হতে থাকে। কুলিং সিস্টেম মূলত কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ ঠান্ডা রাখে। তাই কম্পিউটারে ভালো মানের কুলার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।

সিপিইউ কুলার

দীর্ঘ সময় ধরে কম্পিউটারে বেশি কাজ করলে মাইক্রোপ্রসেসর গরম হয়ে যায়। গরম হলে প্রসেসরের ক্ষতি হয়। প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য কম্পিউটার কেসিংয়ের চারপাশে ও প্রসেসরের ওপরে ফ্যান ব্যবহার করতে হয়। প্রসেসর ঠান্ডা রাখার এ পদ্ধতিকে বলা হয় সিপিইউ কুলার। সিপিইউ কুলার ব্যবহারের পরও প্রসেসরের তাপমাত্রা না কমলে মাদারবোর্ড থেকে প্রসেসরের ক্ষমতা কিছুটা কমিয়ে দেওয়া হয়। ফলে তখন কম্পিউটারের ক্ষমতা কিছুটা কমে যায়, কাজের গতি কমে যায়।

কুলারের প্রকারভেদ

কম্পিউটারকে ঠান্ডা করার জন্য মূলত এয়ার ও ওয়াটার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়। ওয়াটার কুলারের দুটি ভাগ রয়েছে—একটি হলো অল–ইন–ওয়ান, অপরটি কাস্টম লুপ।

এয়ার কুলারের কাজ

বাজারে বিভিন্ন ধরনের এয়ার কুলার রয়েছে। সাধারণত প্রসেসরের সঙ্গে যে কুলার থাকে, সেগুলোকে বলা হয় টপ ডাউন কুলিং।

মিনি আইটিএক্স কেসিংয়ের জন্য টপ ডাউন কুলার ব্যবহার করা হয়। সিপিউ কুলারের সঙ্গে সাধারণত একটি অথবা দুটি ফ্যান থাকে।

ওয়াটার কুলিং সিস্টেম

ওয়াটার কুলিং সিস্টেমে একটি পাম্প ও রেডিয়েটর থাকে, যা নির্দিষ্ট পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। রেডিয়েটরের আকারের ওপরে ভিত্তি করে এই কুলারগুলোর দৈর্ঘ্য ১২০, ২৪০ থেকে ৩৬০ মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। রেডিয়েটর বড় হলে বেশি সুবিধা পাওয়া যায়। কুলারগুলোর ওয়াটার ব্লক বা পাম্প অংশ এবং বাকিটা পাইপের মাধ্যমে সংযুক্ত রেডিয়েটরের সঙ্গে যুক্ত থাকে। সূত্র: হাউস্টাফওয়ার্কস