ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক পাওয়া বাংলাদেশ দলের সদস্যরা (ডানে)
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক পাওয়া বাংলাদেশ দলের সদস্যরা (ডানে)

রোবোটিকস প্রতিযোগিতায় ব্রোঞ্জপদক পেল বাংলাদেশের ‘টিম ব্লুপ্রিন্ট’

বিশ্বের সম্মানজনক রোবোটিকস প্রতিযোগিতা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশের ‘টিম ব্লুপ্রিন্ট’ দল। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ব্রোঞ্জপদক পেয়েছে দলটি। দলের সদস্যরা হলেন সৈয়দ সুবেহ-সাদিক, মো. আজমাইন শেখ রুবায়েদ ও সাম্মান রাহিন। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে চারটি দল অংশ নেয়। দলগুলো হলো ‘টিম ব্লুপ্রিন্ট’, ‘টিম অডিসি এক্স’, ‘টিম নেবুকোডার্স’ ও ‘টিম রোবোম্যানিয়া’। প্রতিযোগিতায় ফিউচার ইনোভেটরস সিনিয়র ক্যাটাগরিতে সপ্তম হয়েছে ‘টিম অডিসি এক্স’। দলের সদস্যরা হলেন আবিদা ওয়াদুদ এবং সাদমান আল হক।

ব্রোঞ্জপদকজয়ী দলের সদস্য আজমাইন শেখ রুবায়েদ বলেন, ‘আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা আমাদের জন্য সত্যিই আনন্দের। প্রতিযোগিতার পুরো সময় বিভিন্ন দেশের দক্ষ দলগুলোর সঙ্গে কাজ ও প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছি। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার পাশাপাশি নিজেদের দক্ষতাও যাচাই করতে পেরেছি। এই অর্জন আমাদের ভবিষ্যতে আরও ভালো করার জন্য অনুপ্রেরণা দেবে।’

আন্তর্জাতিক বিচারক রেদওয়ান ফেরদৌস বলেন, ‘এবারের যাত্রা বাংলাদেশের জন্য সহজ ছিল না। নানা চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ দল তাদের মেধা, দক্ষতা ও উপস্থিত বুদ্ধির মাধ্যমে অন্যান্য দেশের শক্তিশালী প্রতিযোগীদের সঙ্গে দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে। তৃতীয় স্থান অর্জন তাদের অসাধারণ পারফরম্যান্সেরই স্বীকৃতি।’

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের ন্যাশনাল অর্গানাইজার এবং বাংলাদেশ দলের দলনেতা প্রমি নাহিদ বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করতে শুধু রোবট তৈরি করলেই হয় না, বরং সমস্যা বিশ্লেষণ, সময় ব্যবস্থাপনা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং দলগত সমন্বয়ও সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশের দলগুলো প্রতিকূলতা সামলে নিজেদের দক্ষতা ও সক্ষমতা ভালোভাবে তুলে ধরেছে। এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’

প্রসঙ্গত, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ জাতীয় পর্বে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে বাংলদেশ দল গঠন করা হয়। জাতীয় পর্বে ঢাকা বিভাগে ৩৪টি, চট্টগ্রাম বিভাগে ২৬টি এবং রংপুর বিভাগে ১২টি দল অংশ নেয়। জাতীয় পর্বের আগে শিক্ষার্থীদের রোবোটিকস ও ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণে উৎসাহিত করতে দেশের পাঁচটি জেলায় যৌথভাবে ১৪টি অ্যাকটিভেশন প্রোগ্রাম আয়োজন করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।