রিং অব ফায়ার সূর্যগ্রহণ
রিং অব ফায়ার সূর্যগ্রহণ

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ, যে কারণে দেখা যাবে না বাংলাদেশ থেকে

বছরের প্রথম সূর্যগ্রহণ হওয়ায় আজ মঙ্গলবার মহাকাশপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর দিন। আজকের সূর্যগ্রহণটি মূলত অ্যানুলার সোলার এক্লিপস। একে সহজ ভাষায় রিং অব ফায়ার বলা হয়। ‘রিং অব ফায়ার’ এমন এক মহাজাগতিক ঘটনা, যেখানে চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে দিতে পারে না। ফলে চাঁদের চারপাশ দিয়ে সূর্যের একটি উজ্জ্বল বলয় দেখা যায়।

নাসার তথ্য অনুযায়ী, এই গ্রহণ দক্ষিণ ভারত মহাসাগর থেকে শুরু হয়ে অ্যান্টার্কটিকার কিছু অংশ অতিক্রম করবে, আর শেষ হবে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। যেহেতু গ্রহণের মূল পথটি অ্যান্টার্কটিকা ও দক্ষিণ মহাসাগরের ওপর দিয়ে যাবে, তাই খুব কম মানুষই সরাসরি রিং অব ফায়ার দেখার সুযোগ পাবেন। যদিও দক্ষিণ গোলার্ধের এক বিশাল এলাকা থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এ কারণে বাংলাদেশের আকাশ থেকে এই গ্রহণ দেখার কোনো সুযোগ নেই।

চাঁদের আকৃতি সূর্যের চেয়ে কিছুটা ছোট মনে হওয়ায় এমন গ্রহণের সময় সূর্য পুরোপুরি ঢেকে যায় না। চারপাশ দিয়ে সূর্যের একটি সরু বলয় দৃশ্যমান থাকে। এই বলয় সর্বোচ্চ ২ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে। এই পূর্ণ বলয় কেবল অ্যান্টার্কটিকার ওপর দিয়ে যাওয়া প্রায় ২ হাজার ৬৬১ মাইল দীর্ঘ এবং ৩৮৩ মাইল প্রশস্ত একটি অত্যন্ত সংকীর্ণ পথ থেকে দেখা যাবে।

নাসার সময়সূচি অনুযায়ী, গ্রিনিচ মান সময় সকাল ৯টা ৫৬ মিনিটে (বাংলাদেশ সময় ৩টা ৫৬ মিনিটে) আংশিক গ্রহণ শুরু হবে, ১২টা ১২ মিনিটে সর্বোচ্চ রিং অব ফায়ার দেখা যাবে এবং ২টা ২৭ মিনিটে এটি শেষ হবে। বিশেষজ্ঞদের মতে, চাঁদের ছায়া শঙ্কু আকৃতির হওয়ার কারণে এই পথ এত সংকীর্ণ হয় যে বিরল এই দৃশ্য এবার কেবল অ্যান্টার্কটিকার গবেষণা স্টেশনের হাতে গোনা কিছু মানুষ দেখার সুযোগ পাচ্ছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া