রিকমেন্ড ভিডিও সুবিধা বন্ধ রাখা যাবে ইউটিউবে
রিকমেন্ড ভিডিও সুবিধা বন্ধ রাখা যাবে ইউটিউবে

ইউটিউবের রিকমেন্ড ভিডিও চাইলেই বন্ধ করা যাবে

ব্যবহারকারীদের ভিডিও দেখার ইতিহাস পর্যালোচনা করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন বিষয়ের ভিডিও দেখিয়ে থাকে ইউটিউব। তবে একই বিষয়ের ভিডিও প্রদর্শন করলেও সব ভিডিও অনেকের পছন্দ হয় না। আর তাই এবার ব্যবহারকারীদের জন্য রিকমেন্ড ভিডিও সুবিধা বন্ধের সুযোগ চালু করেছে ইউটিউব। নতুন এ সুবিধা চালুর ফলে ‘ওয়াচ হিস্ট্রি’ সুবিধা বন্ধ রাখলেই হোমফিডে কোনো ভিডিও দেখার পরামর্শ দেবে না ইউটিউব।

নতুন এ সুবিধা চালুর বিষয়ে ইউটিউবের সাপোর্ট পেজে বলা হয়েছে, ইউটিউবে ভিডিও দেখার ইতিহাস বা ওয়াচ ওয়াচ হিস্ট্রি সুবিধা বন্ধ থাকলে এবং কোনো ভিডিও দেখার ইতিহাস জমা না থাকলে ফিডে কোনো ভিডিও দেখার পরামর্শ দেখানো হবে না। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুযোগ পাবেন।

নতুন এ পরিবর্তনের ফলে ইউটিউবের হোমপেজেও পরিবর্তন আসবে। ফলে ব্যবহারকারীরা সহজেই সার্চ বার এবং বাঁ দিকের মেনু থেকে প্রয়োজনীয় ভিডিও খুঁজে নিতে পারবেন। শুধু তা–ই নয়, এ পরিবর্তনের ফলে বর্তমানের তুলনায় নিবন্ধন করা চ্যানেলের ভিডিওগুলো সহজে দেখার সুযোগ মিলবে।

ইউটিউবের ওয়াচ হিস্ট্রি বন্ধ করতে ইউটিউবের ওয়েবসাইটে প্রবেশ করে গুগলে সাইন ইন করতে হবে। এরপর এই লিংকে প্রবেশের পর নিচে স্ক্রল করে ইউটিউব হিস্ট্রি টগল বন্ধ করলেই ওয়াচ হিস্ট্রি সুবিধা বন্ধ হয়ে যাবে। তবে যেসব ব্যবহারকারী গুগল অ্যাকাউন্ট ছাড়া ইউটিউব ব্যবহার করেন, তাঁদের রিকমেন্ড ভিডিও দেখাবে ইউটিউব।

সূত্র: নিউজ১৮ ডটকম