
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন প্রদর্শনীতে আয়োজিত ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ‘ফিফা’ বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছেন সিফাত আহমেদ ও ইরফান ওয়াসিত খান। ‘ভ্যালোরেন্ট’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ‘অল স্টার’ এবং রানার্সআপ ‘রিউসেই ট্রাইডেন্টস’ দল। ‘ই-ফুটবল’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তানভীর শাহরিয়ার এবং রানার্সআপ হয়েছেন ইয়াসির পূর্ণ। গতকাল শুক্রবার রাতে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী প্রাঙ্গনে আয়োজিত ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে শিরোপাসহ মোট চার লাখ টাকার পুরস্কার তুলে দেওয়া হয়।
ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ উপলক্ষে গত তিন দিন ধরেই প্রযুক্তি ও গেমিংয়ের এক অনন্য মেলবন্ধনে মুখর হয়ে উঠেছিল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী। ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপের অনলাইন পর্বে এক হাজারের বেশি প্রতিযোগী অংশ নিলেও প্রাথমিকভাবে বিজয়ী গেমাররা সরাসরি মূল পর্বে অংশ নেন।
ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ আয়োজনের বিষয়ে গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান প্রথম আলোকে বলেন, ‘আমাদের এ আয়োজনের মূল কেন্দ্রবিন্দু দেশের তরুণ প্রজন্ম। যারা ই-স্পোর্টস ভালোবাসেন, তাদের একটি সঠিক প্ল্যাটফর্ম দিতেই এ উদ্যোগ। গেমারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দর্শকদের ভিড় প্রমাণ করে বাংলাদেশে ই-স্পোর্টসের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।’
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন প্রদর্শনীর আয়োজকেরা জানিয়েছেন, ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপে প্রযুক্তিপ্রেমীদের ভিড় আর গেমারদের উন্মাদনা দেখা গেছে। তরুণদের এই ভিড় জানান দিচ্ছে, বাংলাদেশে নতুন সম্ভাবনার নাম হয়ে উঠেছে ই-স্পোর্টস প্রতিযোগিতা।