
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাস্তবায়নাধীন দক্ষিণ এশীয় উপআঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (সাসেক) কর্মসূচির ওয়েবভিত্তিক অগ্রগতি হালনাগাদ প্ল্যাটফর্ম উন্নয়নের কাজ পেয়েছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড। গতকাল এডিবি ও ড্রিম৭১–এর মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এডিবির সহায়তায় পরিচালিত সাসেক উদ্যোগে বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমার অংশগ্রহণ করছে। এ উদ্যোগের লক্ষ্য হলো, আঞ্চলিক সংযোগ জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। সাসেক কর্মসূচির সমন্বয় ও পর্যবেক্ষণ আরও কার্যকর করতে এডিবি ২০২৩ সালে ভারতের আবাসিক মিশনে সাসেক সচিবালয় স্থাপন করে।
চুক্তির আওতায় ড্রিম৭১ বাংলাদেশ একটি ওয়েবভিত্তিক প্ল্যাটফর্মের নকশা ও বাস্তবায়ন করবে, যেখানে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ও ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (ডিএমএস) একীভূত থাকবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সাসেক ইনিশিয়েটিভস অ্যাকশন প্ল্যান (এপিএসআই)–এর আওতাভুক্ত প্রকল্প ও জ্ঞানভিত্তিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।
ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির বলেন, ‘এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকে এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক দায়িত্ব পাওয়া আমাদের জন্য অত্যন্ত সম্মানের। এই প্ল্যাটফর্ম সাসেকভুক্ত দেশগুলোর মধ্যে স্বচ্ছতা, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও সমন্বয় আরও জোরদার করবে।’
প্রতিযোগিতামূলক এ প্রক্রিয়ায় বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার একাধিক প্রতিষ্ঠান অংশ নেয়। এই প্ল্যাটফর্মে সরকারি সংস্থা ও নির্ধারিত অংশীজনদের জন্য পরিচয়ভিত্তিক (অথেনটিকেশন) প্রবেশাধিকার থাকবে, যার মাধ্যমে প্রকল্পের অগ্রগতি তাৎক্ষণিকভাবে হালনাগাদ করা যাবে। জিআইএসভিত্তিক ম্যাপিং ও উন্নত ডেটা বিশ্লেষণের মাধ্যমে অবকাঠামোগত ঘাটতি শনাক্ত, সম্ভাব্য প্রতিবন্ধকতা আগেভাগে চিহ্নিত ও আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অগ্রাধিকার নির্ধারণ সহজ হবে।
চুক্তির অংশ হিসেবে ড্রিম৭১ বাংলাদেশ নিরাপদ ক্লাউডভিত্তিক অবকাঠামো সরবরাহ, সিস্টেম ইনস্টলেশন, কাস্টমাইজেশন, পরীক্ষা, সমন্বয় ও চালু করার কাজ করবে। পাশাপাশি ব্যবহারকারীদের জন্য প্রশিক্ষণ, সফটওয়্যার ডকুমেন্টেশন ও ব্যবহার নির্দেশিকাও প্রদান করা হবে।