ম্যালওয়্যার হামলার প্রতীকী ছবি
ম্যালওয়্যার হামলার প্রতীকী ছবি

স্মার্টফোনের গতি কমানোর পাশাপাশি ব্যাটারির চার্জ শেষ করছে নতুন ম্যালওয়্যার

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের ম্যালওয়্যার হামলা শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা গবেষণাপ্রতিষ্ঠান ডক্টর ওয়েব। প্রতিষ্ঠানটির গবেষকদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি ম্যালওয়্যারটি ধীরে ধীরে স্মার্টফোনের কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে। শুধু তা–ই নয়, গোপনে স্মার্টফোনের পর্দায় প্রদর্শন করা বিভিন্ন ওয়েবসাইটের বিজ্ঞাপনে ক্লিক করতে থাকে। ফলে ফোনের ব্যাটারিও দ্রুত শেষ হয়ে যায়।

ডক্টর ওয়েবের গবেষকদের তথ্য অনুযায়ী, সাধারণত ম্যালওয়্যার ব্যক্তিগত তথ্য চুরি, আর্থিক জালিয়াতি বা নজরদারির কাজে ব্যবহৃত হয়। তবে এই ম্যালওয়্যারের লক্ষ্য ভিন্ন। এটি ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপনে ক্লিক করে। যার ফলে ফোনের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয় এবং ব্যাটারি ও কাজের গতিতে নেতিবাচক প্রভাব পড়ে।

ম্যালওয়্যারটি ফোনের পর্দায় প্রদর্শিত ওয়েবসাইট বা অ্যাপে দেখানো বিজ্ঞাপন থেকে নির্দিষ্ট প্রতিষ্ঠানের বিজ্ঞাপন শনাক্ত করতে পারে। এরপর বিজ্ঞাপনের ধরন ও কনটেন্ট বিশ্লেষণ করে নিজ থেকেই সেখানে ক্লিক করে। এই পুরো প্রক্রিয়া ঘটে ব্যবহারকারীর অজান্তে। গবেষকদের মতে, ম্যালওয়্যারটি সরাসরি ব্যক্তিগত তথ্য সংগ্রহ না করলেও দীর্ঘ সময় ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকার কারণে ডিভাইসের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। একই সঙ্গে ফোন ধীর হয়ে যাওয়া, অ্যাপ খুলতে দেরি হওয়া বা অতিরিক্ত গরম হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।

ম্যালওয়্যারটি মূলত বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে ছড়াচ্ছে। এ ধরনের ঝুঁকি কমাতে গুগল তাদের প্লে প্রটেক্ট সেবার মাধ্যমে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে। তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিগত সুরক্ষার পাশাপাশি ব্যবহারকারীর সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তাই এ ধরনের ম্যালওয়্যার থেকে রক্ষা পেতে অজানা উৎস থেকে অ্যাপ ডাউনলোড না করার পাশাপাশি মডিফায়েড অ্যাপ বা এপিকে ফাইল ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।

সূত্র: নিউজ১৮