
প্রতিবছর কয়েক লাখ বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যান। কিন্তু সেখানে পৌঁছেই অনেকে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য নতুন সিম কার্ড কেনেন। নতুন সিম কেনার ঝামেলা এড়াতে হজযাত্রীদের জন্য ফাইভ–জি রোমিং প্যাক চালু করেছে বাংলালিংক। নতুন এ সুবিধা চালুর ফলে হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যাওয়া বাংলাদেশিরা সহজেই দেশে থাকা প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোমিং প্যাক চালুর ফলে বাংলালিংক ব্যবহারকারীরা বাংলাদেশি টাকায় নিজেদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করেই প্যাক কিনতে পারবেন। ফলে পরিবার-পরিজনের সঙ্গে সংযুক্ত থাকতে আলাদা করে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে না। সৌদি আরবে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাঁরা স্বজনদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন।
হজ রোমিং প্যাক ব্যবহারের জন্য নতুন নম্বর প্রয়োজন হবে না, ফলে বর্তমান বাংলালিংক নম্বর ব্যবহার করেই দেশে থাকা স্বজনদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ করা যাবে। এতে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি প্রয়োজনীয় ডিজিটাল সেবাগুলোও স্বাভাবিকভাবে চালু থাকবে। বাংলালিংকের হজ রোমিং প্যাকের সর্বনিম্ন খরচ ৫৯৪ টাকা। প্রিপেইড ও পোস্টপেইড—সব ধরনের বাংলালিংক গ্রাহকেরা সৌদি আরব ভ্রমণের সময় এই সুবিধা নিতে পারবেন। মাইবিএল অ্যাপের মাধ্যমেও প্যাকগুলো কেনা যাবে।
বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, ‘হজ একজন মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও আবেগঘন অভিজ্ঞতা। প্রতিবছর সৌদি আরবে পৌঁছে আমাদের দেশের হজযাত্রীদের নতুন সিম কার্ড কেনার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়, যা তাঁদের জন্য ভোগান্তির। আমাদের এই রোমিং প্যাক সেই সমস্যার সমাধান দেবে। এতে করে তাঁরা সৌদি আরবে পৌঁছানোর মুহূর্ত থেকেই প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন।’