টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে মাইক্রোব্লগিং সাইট টুইটার কেনার চুক্তি করেছেন। টুইটারের সবকিছু মাস্কের নিয়ন্ত্রণে যাওয়া মাত্রই সেখানে ব্যাপক পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে ‘এডিট বাটন’ সুবিধা চালুর বিষয় নিয়ে গুঞ্জনও তৈরি হয়েছে। শুধু তা–ই নয়, টুইটারের কার্যক্রম ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হবে বলে ধারণা করা হচ্ছে। আর তাই যাঁরা টুইটার ব্যবহার বন্ধ করে দেওয়ার কথা ভাবছিলেন, তাঁরা আগেভাগেই অ্যাকাউন্ট মুছে ফেলতে পারেন। টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলার আগে চাইলেই বিনিময় করা টুইটগুলো আর্কাইভ করে ডাউনলোড করা যাবে।
মুঠোফোন থেকে অ্যাকাউন্ট মুছে ফেলার জন্য টুইটার অ্যাকাউন্টে লগইন করে বাঁ পাশের ওপরে থাকা প্রোফাইল আইকনে প্রবেশ করতে হবে। এবার ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন থেকে ‘সিলেক্ট ইওর অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করে ‘ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট’ নির্বাচন করতে হবে। এবার কত দিনের জন্য অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করতে চান (৩০ দিন বা ১২ মাস) তা নির্ধারণের পর ‘ডিঅ্যাক্টিভেট’ অপশন নির্বাচন করে পাসওয়ার্ড দিতে হবে। আপনি চাইলে নির্ধারিত সময়ের আগে অ্যাকাউন্ট সচল করতে পারবেন। তবে নির্ধারিত সময় পরে অ্যাকাউন্ট পুরোপুরি মুছে যাবে।
কম্পিউটার থেকে অ্যাকাউন্ট মুছে ফেলার জন্য টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করে বাঁ পাশের মেনু থেকে ‘সিলেক্ট মোর’ নির্বাচন করতে হবে। এবার ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে প্রবেশ করে ‘ইওর অ্যাকাউন্ট’ বিভাগের মধ্যে থাকা ‘ডিঅ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট’ অপশন নির্বাচন করতে হবে। কত দিনের জন্য অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করতে চান (৩০ দিন বা ১২ মাস) তা নির্ধারণের পর ‘ডিঅ্যাক্টিভেট’ অপশন নির্বাচন করে পাসওয়ার্ড দিতে হবে।