অ্যান্ড্রয়েড ফোনে মুছে ফেলা বার্তার কিছু অংশ দেখা যায়
অ্যান্ড্রয়েড ফোনে মুছে ফেলা বার্তার কিছু অংশ দেখা যায়

অ্যান্ড্রয়েডে কি মুছে ফেলা বার্তা আবার দেখা যায়

কেউ বার্তা পাঠানোর পর সেটি মনের ভুলে খোলার আগেই মুছে ফেললে বার্তায় থাকা তথ্য জানা যায় না। বেশির ভাগ মেসেজিং অ্যাপেও মুছে ফেলা বার্তা দেখার সরাসরি কোনো সুবিধা নেই। ফলে মাঝেমধ্যে বেশ বিপাকে পড়তে হয়। তবে অ্যান্ড্রয়েড ফোনের একটি বিল্ট–ইন সুবিধা ব্যবহার করে চাইলেই মুছে ফেলা বার্তার কিছু অংশ দেখা সম্ভব। ‘নোটিফিকেশন হিস্ট্রি’ নামের এই সুবিধায় ফোনে আসা বিভিন্ন বার্তার কিছু অংশ সংরক্ষণ করা হয়। ফলে এসএমএস বা মেসেজিং অ্যাপ থেকে পাঠানো বার্তা মুছে ফেললেও সেটির কিছু তথ্য নোটিফিকেশন হিস্ট্রিতে রয়ে যায়। ফলে মুছে ফেলা বার্তার নির্দিষ্ট অংশ আবার দেখা যায়। তবে সুবিধাটি ব্যবহারের জন্য ফোনে নোটিফিকেশন হিস্ট্রির সুবিধা আগে থেকেই চালু রাখতে হবে। অর্থাৎ কোনো বার্তা মুছে ফেলার পর নোটিফিকেশন হিস্ট্রি চালু করলে সেই বার্তা আর হিস্ট্রিতে পাওয়া যাবে না।

নোটিফিকেশন হিস্ট্রি চালু করবেন যেভাবে

অ্যান্ড্রয়েড ফোনের মডেল ও অপারেটিং সিস্টেমের সংস্করণভেদে নোটিফিকেশন হিস্ট্রি চালু করার পদ্ধতিতে কিছুটা পার্থক্য থাকতে পারে। সাধারণত সুবিধাটি চালু করতে ফোনের সেটিংস খুলে নোটিফিকেশনস নির্বাচন করতে হবে। এরপর অ্যাডভান্সড সেটিংস থেকে নোটিফিকেশন হিস্ট্রি নির্বাচন করে অফ লেখা টগলটি চালু করতে হবে।

মুছে ফেলা বার্তা দেখবেন যেভাবে

মুছে ফেলা বার্তা দেখার জন্য ফোনের সেটিংস থেকে নোটিফিকেশনসে গিয়ে নোটিফিকেশন হিস্ট্রিতে ক্লিক করতে হবে। এরপর সংশ্লিষ্ট মেসেজিং অ্যাপের নোটিফিকেশন খুঁজে পাওয়া যাবে। কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ভুল করে সরিয়ে ফেললেও এই সুবিধা কাজে আসতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যাপে গিয়ে আবার খোঁজার পরিবর্তে নোটিফিকেশন হিস্ট্রি খুলে সম্প্রতি সরিয়ে ফেলা নোটিফিকেশন দেখা যাবে।

নোটিফিকেশন হিস্ট্রির সীমাবদ্ধতা

নোটিফিকেশন হিস্ট্রি চালু করার পর ফোনে আসা নোটিফিকেশনই সেখানে সংরক্ষিত হয়। তাই সুবিধাটি চালু করার আগের কোনো বার্তার নোটিফিকেশন পরে আর হিস্ট্রিতে পাওয়া যাবে না। এ ছাড়া অ্যান্ড্রয়েডে সাধারণত সর্বশেষ ২৪ ঘণ্টার নোটিফিকেশন সংরক্ষণ করে। ফলে ২৪ ঘণ্টার বেশি পুরোনো নোটিফিকেশন স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। তাই মুছে ফেলা বার্তার নোটিফিকেশন দেখতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যেই হিস্ট্রি পরীক্ষা করতে হবে। দীর্ঘ বার্তার ক্ষেত্রে পুরো অংশ দেখা না–ও যেতে পারে। কারণ, নোটিফিকেশনে যতটুকু লেখা প্রদর্শিত হয়েছিল, সাধারণত হিস্ট্রিতেও ততটুকুই দেখা যায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া