চার্জে থাকা অবস্থায় স্মার্টফোন ব্যবহার করেন অনেকেই
চার্জে থাকা অবস্থায় স্মার্টফোন ব্যবহার করেন অনেকেই

স্মার্টফোন চার্জে থাকা অবস্থায় ব্যবহার করলে কি ব্যাটারির ক্ষতি হয়

চার্জে থাকা অবস্থায় স্মার্টফোন ব্যবহার করেন অনেকেই। এ সময় ফোন স্বাভাবিকের তুলনায় ধীরে চার্জ হওয়ায় অনেকেই মনে করেন, ফোন চার্জে থাকা অবস্থায় ব্যবহার করলে ব্যাটারির চার্জ সংরক্ষণ ক্ষমতা কমে যায়। ফলে ফোন ব্যবহার করতে অস্বস্তি বোধ করেন কেউ কেউ। বিশেষজ্ঞদের মতে, চার্জে থাকা অবস্থায় ব্যবহারের সময় ফোনের তাপমাত্রা বৃদ্ধি পেলে সতর্ক হতে হবে। কারণ, দীর্ঘ সময় অতিরিক্ত তাপের মধ্যে থাকলে ফোনের লিথিয়াম-আয়ন ব্যাটারির কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে। তাই চার্জ দেওয়ার সময় ফোন অস্বাভাবিকভাবে গরম হয়ে গেলে সেটি কিছু সময়ের জন্য ব্যবহার না করাই ভালো।

বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি হালনাগাদ প্রযুক্তিতে চলা ফোনগুলোতে উন্নত ব্যাটারি ব্যবস্থাপনা, শক্তিশালী তাপ নিয়ন্ত্রণব্যবস্থা এবং অনেক ক্ষেত্রে বাইপাস চার্জিং প্রযুক্তি রয়েছে। ফলে চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করলেও ব্যাটারি অতিরিক্ত গরম হয় না। আর তাই ফোন চার্জে থাকা অবস্থায় বার্তা পড়া, ফোনে কথা বলা, ছবি তোলা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা নিরাপদ। তবে দীর্ঘ সময় গেম খেলা বা ভিডিও সম্পাদনার মতো কাজ করার সময় ফোনের তাপমাত্রার দিকে নজর রাখা উচিত।

বাইপাস চার্জিং প্রযুক্তি কী

বাইপাস চার্জিং এমন একটি প্রযুক্তি, যেখানে চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করলে চার্জারের বিদ্যুৎ সরাসরি ফোন পরিচালনায় ব্যবহৃত হয়। ফলে একই সময়ে ব্যাটারিকে চার্জ নেওয়া এবং ফোন চালানোর দ্বৈত চাপ বহন করতে হয় না। এতে ব্যাটারির তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং দীর্ঘ সময় ভারী কাজ করলেও অতিরিক্ত গরম হয়ে যাওয়ার ঝুঁকি কমে। ফলে গেম খেলা, ভিডিও সম্পাদনা, অনলাইনে ভিডিও দেখা বা আকারে বড় অ্যাপ ব্যবহারের সময় এ প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখে।

সব ফোনে কি বাইপাস চার্জিং প্রযুক্তি রয়েছে

বর্তমানে স্যামসাং, গুগল, শাওমি ও জেডটিইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের হালনাগাদ মডেলের ফোনে বাইপাস চার্জিং প্রযুক্তি রয়েছে। তবে এখনো অ্যাপলের আইফোনে এ প্রযুক্তি যুক্ত হয়নি। যদিও এর অর্থ এই নয় যে চার্জে থাকা অবস্থায় আইফোন ব্যবহার করলে ব্যাটারির ক্ষতি হবে।

বিশেষজ্ঞদের মতে, চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করলে ব্যাটারি নষ্ট হয় এটি যেমন ভুল ধারণা, তেমনি সারা রাত ফোন চার্জে রাখা ক্ষতিকর, এ কথাও পুরোপুরি সঠিক নয়। কারণ, হালনাগাদ প্রযুক্তির ফোনে ব্যাটারি পূর্ণ চার্জ হয়ে গেলে চার্জ গ্রহণের প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। ফলে অতিরিক্ত চার্জ হয়ে ব্যাটারির ক্ষতির আশঙ্কা থাকে না। অনেক ফোনে আবার অপটিমাইজড চার্জিং সুবিধা রয়েছে। এটি ব্যবহারকারীর দৈনন্দিন অভ্যাস বিশ্লেষণ করে ধাপে ধাপে চার্জ সম্পন্ন করে, যাতে ব্যাটারির ওপর অপ্রয়োজনীয় চাপ না পড়ে এবং প্রয়োজনের সময় ফোন পুরোপুরি চার্জ থাকে। ফোনের চার্জ ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে থাকতেই চার্জ দিলে ব্যাটারির দীর্ঘমেয়াদি কার্যক্ষমতা ভালো থাকে।

সূত্র: এনগ্যাজেট