
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন থেকে খুদে বার্তা আদান–প্রদানের জন্য গুগল মেসেজেস অ্যাপ খুবই জনপ্রিয়। তবে নিয়মিত বার্তা আদান–প্রদান করলে পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত খুঁজে না পাওয়ার কারণে মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন অনেকে। তবে চাইলেই ‘স্টার মেসেজ’–সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট বার্তা আলাদা করে রাখা যায় গুগল মেসেজেস অ্যাপে।
গুগল মেসেজেসে কোনো বার্তা স্টার করতে হলে প্রথমে অ্যাপটি চালু করে যে কথোপকথনের মধ্যে বার্তাটি রয়েছে, সেটি নির্বাচন করতে হবে। এরপর গুরুত্বপূর্ণ বার্তাটি কিছুক্ষণ চেপে ধরে রাখলে ওপরে একটি মেনু দেখা যাবে। সেখানে থাকা ‘স্টার’ চিহ্নে চাপ দিলেই বার্তাটি স্টার করা তালিকায় সংরক্ষিত হয়ে যাবে।
স্টার করা বার্তার সংখ্যা বাড়তে থাকলে প্রয়োজনের সময় কোনো নির্দিষ্ট বার্তা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। এ সমস্যা সমাধানে স্টার করা বার্তাগুলো পরে সহজে খুঁজে দেখার ব্যবস্থাও রেখেছে গুগল। অ্যাপের সার্চ অপশনে গিয়ে ‘স্টারড’ নির্বাচন করলেই বিভিন্ন কথোপকথনের মধ্যে থাকা সব স্টার বার্তা একসঙ্গে দেখা যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া