অনলাইন যোগাযোগে স্টিকার এখন আবেগ ও প্রতিক্রিয়া প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম। অনেক সময় বার্তা লেখার বদলে একটি স্টিকার পাঠিয়েই মনের ভাব প্রকাশ করা যায়। ফলে দ্রুত বার্তা আদান-প্রদানের জন্য বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করেন অনেকেই। ব্যবহারকারীদের এই আগ্রহ বিবেচনা করে অ্যাপের মধ্যেই কাস্টম স্টিকার ও স্টিকার প্যাক তৈরির সুবিধা যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। সুবিধাটি চালুর ফলে তৃতীয় পক্ষের অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপে পছন্দের স্টিকার তৈরির পাশাপাশি সেগুলো সম্পাদনা, সংরক্ষণ ও শেয়ার করা যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই সংস্করণেই সুবিধাটি চালু রয়েছে। হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক।
ফোনের গ্যালারিতে থাকা যেকোনো ছবির স্টিকার তৈরি করা যায় হোয়াটসঅ্যাপে। ব্যক্তিগত ছবি, মজার মুহূর্ত কিংবা নির্দিষ্ট প্রতিক্রিয়া প্রকাশের জন্য আলাদা স্টিকার তৈরি করতে চাইলে প্রথমে যেকোনো চ্যাট খুলে স্টিকার আইকনে ট্যাপ করতে হবে। এরপর ‘ক্রিয়েট’ বা পেনসিল চিহ্ন নির্বাচন করে গ্যালারি থেকে ছবি নির্বাচনের পাশাপাশি সরাসরি ক্যামেরা দিয়ে নতুন ছবি তুলতে হবে। ছবি নির্বাচনের পর প্রিভিউ স্ক্রিনে সম্পাদনার বিভিন্ন অপশন কাজে লাগিয়ে স্টিকারে ইমোজি বা লেখা যুক্তের পাশাপাশি পেনসিল টুল ব্যবহার করে ছবি আঁকতে হবে। এবার পছন্দের স্টিকার তৈরি হয়ে গেলে সেন্ড আইকনে ট্যাপ করলেই স্টিকারটি নির্দিষ্ট চ্যাট অপশনে চলে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে।
একাধিক স্টিকার তৈরির পর প্রয়োজনের সময় নির্দিষ্ট স্টিকার খুঁজে পেতে সমস্যা হয় অনেকের। তবে স্টিকার প্যাক তৈরি করে এ সমস্যার সমাধান করা যায়। স্টিকার প্যাক তৈরির জন্য প্রথমে স্টিকার বিভাগ থেকে এক বা একাধিক স্টিকার নির্বাচন করতে হবে। এরপর স্টিকার প্রেস করে ধরে রাখলে প্রদর্শিত অপশন থেকে ‘অ্যাড টু স্টিকার প্যাক’ নির্বাচন করে ‘নিউ স্টিকার প্যাক’ বেছে নিতে হবে। প্যাকের নাম নির্ধারণ করে সংরক্ষণ করলে সেটি স্টিকার ট্রেতে যুক্ত হবে। ফলে পরবর্তী সময়ে বিষয়ভিত্তিক বা ব্যবহারভিত্তিক স্টিকারগুলো সহজেই খুঁজে পাওয়া যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া