মুখের ছবি বিশ্লেষণ করে ক্যানসারে আক্রান্ত রোগীদের মৃত্যুঝুঁকি জানাবে এআই
মুখের ছবি বিশ্লেষণ করে ক্যানসারে আক্রান্ত রোগীদের মৃত্যুঝুঁকি জানাবে এআই

ক্যানসারে আক্রান্তদের মুখের ছবি বিশ্লেষণ করে মৃত্যুঝুঁকি জানাবে এআই

ক্যানসারে আক্রান্ত রোগীদের মুখের ছবি বিশ্লেষণ করে তাদের মৃত্যুঝুঁকি সম্পর্কে আগাম তথ্য জানাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। শুধু তা–ই নয়, রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা সম্পর্কেও জানাবে। শুনতে অবাক লাগলেও ক্যানসারে আক্রান্তদের মুখের ছবি বিশ্লেষণ করে মৃত্যুঝুঁকি জানাতে সক্ষম এআই টুল তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ম্যাস জেনারেল ব্রিগহামের একদল গবেষক। ইতিমধ্যে নিজেদের গবেষণা ফলাফল চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট ডিজিটাল হেলথে প্রকাশ করেছেন তাঁরা।

গবেষকদের দাবি, বিভিন্ন বয়স ও জাতিগোষ্ঠীর ৪ কোটির বেশি মানুষের মুখের ছবি ব্যবহার করে একটি এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মডেলটিতে ব্যবহৃত ‘এফএএইচআর-ফেসএজ’ ও ‘এফএএইচআর-ফেসসারভাইভাল’ নামের দুটি এআই টুল যেকোনো ব্যক্তির মুখের ছবি বিশ্লেষণ করে জৈবিক বয়স শনাক্ত করতে পারে। এমনকি ক্যানসারে আক্রান্ত রোগীদের মৃত্যুঝুঁকি সম্পর্কেও পূর্বাভাস দিতে পারে টুলগুলো। এর ফলে ক্যানসারের চিকিৎসা শুরুর আগে রোগীদের শারীরিক অবস্থা মূল্যায়নে চিকিৎসকদের সহায়তা করতে পারে এআই টুলগুলো।

গবেষকদের তথ্যমতে, এআই টুলগুলো মূলত মানুষের মুখের বিভিন্ন শারীরিক লক্ষণ বিশ্লেষণ করে জৈবিক বয়স অনুমান করে থাকে। জৈবিক বয়স বলতে শরীরের অবস্থা ও বয়সের ছাপের ভিত্তিতে একজন ব্যক্তিকে কতটা বয়স্ক দেখায়, তা বোঝায়। এর ফলে এআই টুলগুলো জৈবিক বয়সের তথ্য কাজে লাগিয়ে ক্যানসার রোগীদের বেঁচে থাকার সম্ভাবনাও অনুমান করতে পারে।

গবেষণায় রেডিওথেরাপি নেওয়া যুক্তরাষ্ট্রের ক্যানসার রোগীদের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, যেসব রোগীকে তাদের প্রকৃত বয়সের তুলনায় অন্তত পাঁচ বছর বেশি বয়স্ক বলে অনুমান করেছে এআই, তাদের মৃত্যুঝুঁকি ২১ শতাংশের বেশি ছিল। বিপরীতে, যাদের প্রকৃত বয়সের তুলনায় অন্তত পাঁচ বছর কম বয়স্ক বলে অনুমান করা হয়েছে, তাদের মৃত্যুঝুঁকি ছিল ১৭ শতাংশের কম।

এ বিষয়ে ম্যাস জেনারেল ব্রিগহামের জ্যেষ্ঠ গবেষক হুগো অ্যার্টস জানান, মুখের ছবি বিশ্লেষণ করে ক্যানসার রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা অনুমান করা সম্ভব বলে গবেষণায় দেখা গেছে। এই টুল ব্যবহার করে স্বাস্থ্যসংক্রান্ত অন্যান্য সূচক মূল্যায়নের প্রযুক্তিও তৈরি করা যেতে পারে। এতে প্রতিটি নতুন কাজের জন্য শুরু থেকে আলাদা এআই মডেল তৈরির প্রয়োজন হবে না।

গবেষকেরা মুখের বয়সের ছাপের সঙ্গে জীবনযাপনের কিছু অভ্যাসের সম্পর্কও খুঁজে পেয়েছেন। তাদের বিশ্লেষণে দেখা গেছে, ধূমপান, অতিরিক্ত মদ্যপান ও মাদক গ্রহণের সঙ্গে মুখের চেহারা তুলনামূলক বেশি বয়স্ক দেখানোর সম্পর্ক রয়েছে। ম্যাস জেনারেল ব্রিগহামের রেডিয়েশন অনকোলজিস্ট রেমন্ড ম্যাক বলেন, রেডিওথেরাপি, অস্ত্রোপচার বা ওষুধের মাধ্যমে চিকিৎসা শুরুর আগে ক্যানসার রোগীদের শারীরিক অবস্থা মূল্যায়নে নতুন এআই টুলগুলো চিকিৎসকদের সহায়তা করতে পারে।

নিয়মিত চিকিৎসাসেবায় এআই টুলগুলো ব্যবহারের আগে আরও গবেষণা করা প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকেরা। তাঁদের মতে, মুখের ছবি বিশ্লেষণ করে পাওয়া পূর্বাভাস চিকিৎসার পরিকল্পনা তৈরিতে সহায়ক হতে পারে। তবে রোগীদের জন্য কোন চিকিৎসা উপযুক্ত, সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চিকিৎসকের নিজস্ব মূল্যায়ন ও বিচার-বিবেচনাই গুরুত্বপূর্ণ।

সূত্র: নিউজ ১৮