
নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার পর নিজেদের সবচেয়ে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলোর প্রশিক্ষণ কার্যক্রম আবার শুরু করেছে ওপেনএআই। গত মাসে গবেষণাগারে ওপেনএআইয়ের নির্দেশনা ছাড়াই একটি এআই মডেল নিজে নিজে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হওয়ার পর নিজেদের সবচেয়ে উন্নত এআই মডেলের প্রশিক্ষণ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল প্রতিষ্ঠানটি। এরপর এআই মডেলের দুর্বলতা শনাক্ত করতে বিশেষ পরীক্ষা চালিয়ে একটি নিরাপত্তা ত্রুটি খুঁজে পায় ওপেনএআই। এই নিরাপত্তা ত্রুটির কারণেই গত মাসে একটি এআই মডেল গোপনে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আর তাই ত্রুটিটি সমাধানের পর আবার এআই মডেলগুলোর প্রশিক্ষণ শুরু করেছে ওপেনএআই।
ওপেনএআই জানিয়েছে, ত্রুটিটি কাজে লাগিয়ে চাইলে আক্রান্ত সিস্টেমে নিজেদের কোড চালানো যায়। নোডডটজেএস, বান ও এনভয়–এর মতো বহুল ব্যবহৃত ওয়েব সফটওয়্যার ব্যবহার করা সিস্টেমও ত্রুটিটির কারণে নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারে। ব্রটলির সোর্স কোডে থাকা ত্রুটিটি গত ফেব্রুয়ারিতে সংশোধন করা হয়েছিল। তবে তখন ত্রুটিটিকে নিরাপত্তাঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়নি।
চলতি বছরের শুরুর দিকে ওপেনএআইয়ের অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যবস্থাতে একাধিক ত্রুটি শনাক্ত করার কথা জানিয়েছিল এআই নিরাপত্তা মূল্যায়নকারী প্রতিষ্ঠান মেটিআর ও রেডউড রিসার্চ। প্রতিষ্ঠানগুলোর তথ্যমতে, এমন একটি ত্রুটি শনাক্ত হয়েছিল, যা কাজে লাগিয়ে এআই এজেন্টগুলো নিজেদের শত শত কার্যক্রমের তথ্য মানুষের পর্যবেক্ষণব্যবস্থার আড়ালে করে রাখতে পারত। ফলে এজেন্টগুলোর কার্যক্রম নজরদারির বাইরে থেকে যাওয়ার আশঙ্কা ছিল। বিষয়টি জানার পর ওপেনএআই দ্রুত ত্রুটিগুলোর সমাধান করেছে।
ওপেনএআইয়ের তথ্যমতে, এআই মডেল যত উন্নত হচ্ছে, সেগুলোর ঝুঁকিও তত বাড়ছে। ফলে এআই মডেলের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সেগুলোর নিরাপত্তা, নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থাও উন্নত করা প্রয়োজন। আর তাই এআই মডেলের কার্যক্রম পর্যবেক্ষণে নতুন ব্যবস্থা যুক্ত করা হচ্ছে। সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করতে মডেলগুলোর ওপর কঠোর পরীক্ষা চালানোর পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস