ওপেনএআই
ওপেনএআই

এআই মডেলের অপব্যবহার ঠেকাতে নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল যত শক্তিশালী হচ্ছে, ততই এসব প্রযুক্তির অপব্যবহারের ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে ব্যবসায়িক গ্রাহকদের তথ্যের গোপনীয়তা রক্ষা করাও এআই প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ দুইয়ের মধ্যে ভারসাম্য রাখতে ‘প্রাইভেট সেফটি প্রসেসিং’ নামের নতুন একটি নিরাপত্তাব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে নিরাপত্তাব্যবস্থাটির ব্যবহার শুরু করেছে প্রতিষ্ঠানটি।

ওপেনএআইয়ের তথ্যমতে, প্রাইভেট সেফটি প্রসেসিং নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে বিভিন্ন এআই মডেলে ব্যবহারকারীদের সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করা হবে। তবে ব্যবহারকারীদের কোনো তথ্য ওপেনএআইয়ের কর্মীরা দেখতে পারবেন না। বর্তমানে নির্বাচিত কয়েকজন গ্রাহকের ওপর নিরাপত্তাব্যবস্থাটির কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। নতুন এই ব্যবস্থা ওপেনএআইয়ের জিরো ডেটা রিটেনশন (জেডডিআর) ব্যবস্থার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। নতুন প্রজন্মের এআই মডেলগুলো দীর্ঘ সময় ধরে একাধিক ধাপে জটিল কাজ করতে পারে। ফলে এসব মডেলের অপব্যবহারের ধরনও আগের তুলনায় জটিল হয়ে উঠছে। এর ফলে গ্রাহকদের তথ্যের গোপনীয়তা অক্ষুণ্ন রাখার পাশাপাশি সন্দেহজনক প্রবণতা শনাক্ত করতে নতুন নিরাপত্তাব্যবস্থা ব্যবহারের প্রয়োজন দেখা দিয়েছে।

ওপেনএআই জানিয়েছে, প্রাইভেট সেফটি প্রসেসিং এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে জেডডিআর সুবিধা চালু রাখা যায়। এর ফলে জেডডিআরের আওতায় ওপেনএআইয়ের এপিআই ব্যবহার করে এআই এজেন্ট প্রতিটি সেশনের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি সম্ভাব্য অপব্যবহারের তথ্য শনাক্ত করতে পারবে। স্বয়ংক্রিয় এ ব্যবস্থা কোনো কার্যক্রমকে সন্দেহজনক হিসেবে শনাক্ত করলেও ওপেনএআইয়ের কর্মীরা কথোপকথনের মূল তথ্য দেখতে পারবেন না। এ ক্ষেত্রে ওপেনএআই শুধু কথোপকথনের ধরন সম্পর্কে একটি ‘সীমিত সংকেত’ পাবে। এরপর সেই সংকেতের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া প্রয়োজন কি না, তা নির্ধারণ করা হবে।

নতুন এই নিরাপত্তাব্যস্থা কীভাবে কাজ করবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানায়নি ওপেনএআই। বিশেষ করে কোনো বৈধ কার্যক্রম ভুলভাবে সন্দেহজনক হিসেবে শনাক্ত হলে বা ‘ফলস পজিটিভ’ দেখা দিলে তা কীভাবে সামলানো হবে, সেটিও স্পষ্ট নয়। ওপেনএআই জানিয়েছে, ব্যবহারকারীরা স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যস্থার নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

সম্প্রতি, নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে নিজেদের এআই মডেলের উন্নয়নের গতি সাময়িকভাবে কমিয়ে দিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই মডেলের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সেগুলোর নিরাপত্তা, নজরদারি ও নিয়ন্ত্রণব্যবস্থাও উন্নত করা প্রয়োজন। আর তাই শিগগিরই এআই মডেলের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করা হবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস