জেমিনি
জেমিনি

জেমিনি এবার মুখের কথায় টিভির সেটিংস বদলাবে, সমস্যাও শনাক্ত করবে

গুগলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এআই সহকারী জেমিনির মাধ্যমে বিভিন্ন কাজ করার পাশাপাশি এবার মুখের কথায় টিভির বিভিন্ন সেটিংস পরিবর্তন করা যাবে। শুধু সেটিংস নিয়ন্ত্রণই নয়, ছবি বা শব্দসংক্রান্ত সমস্যা শনাক্ত করে সমাধানের পরামর্শও দিতে পারবে জেমিনি। তবে সব ব্র্যান্ডের তৈরি টিভিতে নয়, প্রাথমিকভাবে গুগল টিভি প্ল্যাটফর্মে চলা নির্দিষ্ট মডেলের টিভিতে সুবিধাটি ব্যবহার করা যাবে।

বর্তমানে গুগল টিভি প্ল্যাটফর্মে ভয়েস কমান্ড ব্যবহার করে অনুষ্ঠান খোঁজা, গান চালু বা স্মার্ট হোম যন্ত্র নিয়ন্ত্রণ করা যায়। নতুন হালনাগাদের ফলে জেমিনি সরাসরি টিভির ভিডিও ও অডিও–সংক্রান্ত মূল সেটিংসেও কাজ করতে পারবে। ফলে প্রয়োজনীয় কোনো পরিবর্তন আনতে ব্যবহারকারীদের আর একের পর এক মেনুতে প্রবেশ করতে হবে না। কোন ধরনের পরিবর্তন প্রয়োজন, তা বললেই জেমিনি স্বয়ংক্রিয়ভাবে সেটিংস পরিবর্তন করে দেবে। নতুন এ সুবিধার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো জেমিনির সমস্যা শনাক্তের সক্ষমতা।

গুগল জানিয়েছে, নতুন এ সুবিধা যুক্তের ফলে টিভির জটিল সেটিংস নিয়ে ব্যবহারকারীদের আলাদা করে ভাবতে হবে না। কাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথা বললেই প্রয়োজনীয় পরিবর্তন করে দেবে জেমিনি। প্রাথমিকভাবে সুবিধাটি গুগল টিভি প্ল্যাটফর্ম–নির্ভর নির্বাচিত কয়েকটি মডেলের টিসিএল টিভিতে ব্যবহার করা যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে সুবিধাটি উন্মুক্ত করা হবে।

উল্লেখ্য, গুগল টিভি একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। ফলে ব্যবহারকারীরা চাইলে বিভিন্ন বিকল্প লঞ্চার ব্যবহার করে নিজেদের পছন্দ অনুযায়ী এর ব্যবহার অভিজ্ঞতা সাজিয়ে নিতে পারেন।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ