কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি প্রতিবেদন পড়ার সুযোগ দিতে চ্যাটজিপিটির ডিপ রিসার্চ টুলে নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে ওপেনএআই। বিল্ট-ইন ডকুমেন্ট ভিউয়ার নামের এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে স্মার্টফোন বা কম্পিউটারের পর্দাজুড়ে বিভিন্ন বিষয়ের প্রতিবেদন দেখতে পারবেন। শুধু তা–ই নয়, প্রতিবেদনের নির্দিষ্ট অংশে দ্রুত পড়ারও সুযোগ মিলবে।
ওপেনএআই প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, বিল্ট-ইন ডকুমেন্ট ভিউয়ারের মাধ্যমে চ্যাটজিপিটির তৈরি করা বিভিন্ন প্রতিবেদন চ্যাটজিপিটির চ্যাটের বাইরে আলাদা একটি উইন্ডোতে খোলা যাবে। এর ফলে ব্যবহারকারীদের প্রতিবেদন পড়ার অভিজ্ঞতা আরও উন্নত হবে। ভিউয়ারের বাঁ পাশে থাকবে সূচিপত্র, মাঝখানে মূল প্রতিবেদন এবং ডান পাশে থাকবে ব্যবহৃত তথ্যসূত্রের তালিকা। ফলে দীর্ঘ প্রতিবেদন থেকেও প্রয়োজনীয় তথ্য সহজে খুঁজে বের করা যাবে।
ওপেনএআই জানিয়েছে, বিল্ট-ইন ডকুমেন্ট ভিউয়ারের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট ওয়েবসাইট বা সংযুক্ত অ্যাপকে অগ্রাধিকার দিয়ে গবেষণা শুরুর নির্দেশ দিতে পারবেন। পাশাপাশি প্রতিবেদন তৈরির সময় চ্যাটজিপিটির অগ্রগতি তাৎক্ষণিকভাবে দেখা যাবে। প্রয়োজনে গবেষণার বিষয়বস্তু সংশোধন বা নতুন উৎস যুক্ত করার সুবিধাও মিলবে। প্রতিবেদন তৈরি শেষ হলে নতুন ভিউয়ার থেকেই সেটি মার্কডাউন, ওয়ার্ড, পিডিএফসহ বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড করা যাবে। প্রাথমিকভাবে নতুন এসব সুবিধা চ্যাটজিপিটি প্লাস, চ্যাটজিপিটি প্রো, চ্যাটজিপিটি গো গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন। অল্প কিছুদিনের মধ্যেই বিনা মূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করা হবে।
প্রসঙ্গত, ডিপ রিসার্চ সুবিধাটি ওপেনএআই প্রথম চালু করে গত বছর। এই টুলের মাধ্যমে চ্যাটজিপিটি ইন্টারনেটে অনুসন্ধান চালিয়ে ব্যবহারকারীর নির্ধারিত বিষয়ের ওপর বিস্তারিত গবেষণাভিত্তিক প্রতিবেদন তৈরি করে দেয়।
সূত্র: দ্য ভার্জ