জটিল ও দীর্ঘমেয়াদি গবেষণার জন্য শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছে ওপেনএআই। নতুন এআই মডেলটির প্রাথমিক নাম দেওয়া হয়েছে ‘অ্যাস্ট্রা’। এরই মধ্যে গণিত ও তাত্ত্বিক কম্পিউটারবিজ্ঞানের দীর্ঘদিনের অমীমাংসিত ১০টি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে মডেলটি। আর তাই সম্প্রতি প্রকাশিত এক গবেষণা নিবন্ধে অ্যাস্ট্রাকে নিজেদের ‘পরবর্তী বড় এআই মডেল’ হিসেবে উল্লেখ করেছে ওপেনএআই।
ওপেনএআইয়ের তথ্যমতে, নতুন মডেলটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে দীর্ঘ সময় ধরে চলা জটিল গবেষণাধর্মী কাজ ধারাবাহিকভাবে সম্পন্ন করা যায়। আর তাই অভ্যন্তরীণ পরীক্ষায় মডেলটি গণিত, কোডিং তত্ত্ব, সার্কিটের জটিলতা, গ্রুপ তত্ত্ব, কোয়ান্টাম জটিলতা, ল্যাটিসভিত্তিক ক্রিপ্টোগ্রাফি ও এক্সট্রিমাল কম্বিনেটরি–বিষয়ক একাধিক কঠিন সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন মডেলটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, এটি বড় ও জটিল সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে একাধিক এআই এজেন্টের মাধ্যমে একই সময়ে বিশ্লেষণ ও সমাধান করতে পারে। মডেলটির নাম অ্যাস্ট্রা হতে পারে, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ওপেনএআই। মডেলটি জিপিটি ৫.৭, জিপিটি ৬ বা নতুন নামেও উন্মুক্ত করা হতে পারে।
ধারণা করা হচ্ছে, ওপেনএআই ভবিষ্যতে অ্যানথ্রপিকের আদলে অ্যাস্ট্রার একাধিক সংস্করণ উন্মুক্ত করতে পারে। সে ক্ষেত্রে সাধারণ ব্যবহারকারীদের জন্য একটি সংস্করণ উন্মুক্ত করা হলেও অর্থের বিনিময়ে শক্তিশালী সংস্করণগুলো ব্যবহারের সুযোগ মিলবে।
সূত্র: ব্লিপিং কম্পিউটার