
জিমেইল ও ডকসে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ‘জিমেইল লাইভ’ ও ‘ডকস লাইভ’ সুবিধা চালু করছে গুগল। জিমেইল লাইভ সুবিধা কাজে লাগিয়ে মুখের কথায় ই–মেইল ও নথি থেকে প্রয়োজনীয় তথ্য খোঁজার পাশাপাশি বিভিন্ন কাজ করা যাবে। গুগলের তথ্যমতে, জিমেইল লাইভ চালুর পর ইনবক্সে থাকা ই–মেইলের গুরুত্বপূর্ণ তথ্য খুঁজতে সার্চ বক্সে কোনো কিছু লিখতে হবে না। মুখের কথায় নির্দেশ দিলেই ইনবক্সে থাকা বিভিন্ন ই–মেইল থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে দেবে জেমিনাইচালিত এআই সহকারী। শুধু তা–ই নয়, কথোপকথনের সব তথ্য পর্দায় বার্তা আকারে দেখাও যাবে।
গুগল জানিয়েছে, ডকস লাইভ ব্যবহার করে নতুন কোনো লেখা তৈরির জন্য ব্যবহারকারীকে শুধু নিজের প্রয়োজনের কথা জানাতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী লেখার একটি প্রাথমিক খসড়া তৈরি করে দেবে এআই সহকারী। প্রয়োজনে জিমেইল, গুগল ড্রাইভ, চ্যাট ও ওয়েব থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে এনে খসড়াও তৈরি করে দেবে।
জিমেইল লাইভ ব্যবহার করতে পারবেন গুগল এআই প্লাস, প্রো ও আলট্রা গ্রাহকেরা। ডকস লাইভ ব্যবহারের জন্য প্রয়োজন হবে গুগল এআই প্রো বা আলট্রা সাবস্ক্রিপশন। নতুন সুবিধাগুলো প্রাথমিকভাবে আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে ব্যবহার করা যাবে। শিগগিরই ওয়ার্কপ্লেস বিজনেস গ্রাহকদের জন্যও সুবিধাগুলো চালু করা হবে।
গুগল গত কয়েক মাসে নিজেদের বিভিন্ন অ্যাপে মুখের কথায় বিভিন্ন কাজ করার সুবিধা যুক্ত করেছে। গত এপ্রিলে ম্যাক অ্যাপে মুখের কথায় নির্দেশ দেওয়ার সুবিধা চালু করে প্রতিষ্ঠানটি। গত মাসে পিক্সেল ১১ স্মার্টফোনে ‘র্যাম্বলার’ নামের জেমিনাইচালিত একটি ডিকটেশন সুবিধা যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীর কথার মধ্যে থাকা অপ্রয়োজনীয় বা অতিরিক্ত শব্দ শনাক্ত করে বাদ দিতে পারে সুবিধাটি। মুখের কথা বার্তায় রূপান্তরের জন্য ‘জেমিনাই ৩.৫ ট্রান্সক্রাইব’ মডেলও উন্মুক্ত করেছে গুগল।
সূত্র: টেকক্র্যান্চ