ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে জানাতে পারে। ব্যবহারকারীর নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে দেয় চ্যাটবটটি। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে এবার চ্যাটজিপিটিতে আর্থিক ব্যবস্থাপনার তথ্য জানাতে সক্ষম নতুন সুবিধা যুক্ত করেছে ওপেনএআই। সুবিধাটি কাজে লাগিয়ে সহজেই নিজেদের দৈনন্দিন খরচের হিসাব জানার পাশাপাশি বিনিয়োগের নতুন ক্ষেত্র বা ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনার বিষয়ে চ্যাটজিপিটির সঙ্গে আলোচনা করা যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্টসংখ্যক চ্যাটজিপিটি প্রো ব্যবহারকারীরা সুবিধাটি পরখ করার সুযোগ পাচ্ছেন।
ব্যবহারকারীদের আর্থিক হিসাবের তথ্য চ্যাটজিপিটিতে যুক্ত করার জন্য আর্থিক সংযোগসেবা প্রতিষ্ঠান প্লেড–এর সঙ্গে চুক্তি করেছে ওপেনএআই। এর ফলে আমেরিকান এক্সপ্রেস, ক্যাপিটাল ওয়ানসহ ১২ হাজারের বেশি আর্থিক প্রতিষ্ঠানে থাকা অ্যাকাউন্টের তথ্য চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করা যাবে। অ্যাকাউন্ট যুক্ত করার পর ব্যবহারকারীরা একটি ড্যাশবোর্ডে নিজেদের আর্থিক অবস্থার বিস্তারিত চিত্র দেখতে পারবেন। সেখানে বিনিয়োগ পোর্টফোলিও, মাসিক খরচের ধরন, সক্রিয় সাবস্ক্রিপশন এবং আসন্ন বিল বা অর্থ পরিশোধের তথ্যও দেখা যাবে। ফলে দৈনন্দিন আর্থিক ব্যয় ও সঞ্চয়ের প্রবণতা বিশ্লেষণ করা সহজ হবে।
ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, প্রতি মাসে ২০ কোটিরও বেশি ব্যবহারকারী চ্যাটজিপিটির কাছে অর্থবিষয়ক বিভিন্ন তথ্য জানতে চান। আর তাই নতুন জিপিটি ৫.৫ মডেলকে আগের তুলনায় প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণ ও যুক্তিনির্ভর উত্তর দেওয়ার উপযোগী করে তৈরি করা হয়েছে। নতুন এ সুবিধায় যেকোনো সময় সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট চ্যাটজিপিটি থেকে বিচ্ছিন্ন করা যাবে। শুধু তা–ই নয়, তথ্যগুলো ৩০ দিনের মধ্যে চ্যাটজিপিটি থেকে পুরোপুরি মুছে ফেলা হবে।
সূত্র: টেক ক্র্যান্চ