চ্যাটজিপিটির চ্যাট ট্যাবে জিপিটি-৬.২ সল এআই মডেল যুক্ত করা শুরু করেছে ওপেনএআই
চ্যাটজিপিটির চ্যাট ট্যাবে জিপিটি-৬.২ সল এআই মডেল যুক্ত করা শুরু করেছে ওপেনএআই

চ্যাটজিপিটির চ্যাট ট্যাবে যুক্ত হচ্ছে নতুন মডেল, যে সুবিধা পাওয়া যাবে

চ্যাটজিপিটির ‘চ্যাট’ ট্যাবে নিজেদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জিপিটি-৬.২ সল’ যুক্ত করা শুরু করেছে ওপেনএআই। গত সপ্তাহে চ্যাটজিপিটি ওয়ার্ক ও কোডেক্সে মডেলটি উন্মুক্ত করার পর এবার চ্যাটজিপিটির সাধারণ কথোপকথনের জন্য ব্যবহৃত চ্যাট ট্যাবেও মডেলটি যুক্তের কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে প্লাস, প্রো, বিজনেস ও এন্টারপ্রাইজ সংস্করণের গ্রাহকেরা পর্যায়ক্রমে নতুন মডেলটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

ওপেনএআই জানিয়েছে, দৈনন্দিন কথোপকথনে আরও কার্যকর অভিজ্ঞতা দিতেই জিপিটি-৬.২ সল মডেল তৈরি করা হয়েছে। জটিল নির্দেশনা বোঝা, ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী অনলাইনে তথ্য খোঁজা এবং একাধিক বিষয় বিবেচনা করে উত্তর দিতে পারে মডেলটি। শুধু তা–ই নয়, বিস্তারিত নির্দেশনা অনুসরণ করে কাজ করার পাশাপাশি ছবি বিশ্লেষণের ক্ষেত্রেও নতুন মডেলটি বেশ কার্যকর। তাই কথোপকথনের প্রসঙ্গ অনুযায়ী পরবর্তী করণীয় সম্পর্কে আগের তুলনায় ভালো পরামর্শ পাবেন চ্যাটজিপিটি ব্যবহারকারীরা। তবে চ্যাটজিপিটির ফ্রি ও গো সংস্করণ ব্যবহারকারীরা নতুন এ সুবিধা ব্যবহার করতে পারবেন না।

ওপেনএআইয়ের তথ্যমতে, কিশোর–কিশোরীদের নিরাপত্তাবিষয়ক বিভিন্ন পরীক্ষায় জিপিটি-৬-এর চেয়ে ভালো ফল করেছে জিপিটি-৬.২ সল। জটিল ও সংবেদনশীল কথোপকথনের ক্ষেত্রে ৯১ থেকে ৯৪ শতাংশ সময় নিরাপত্তানীতি মেনে উত্তর দিয়েছে নতুন মডেলটি। একই পরীক্ষায় জিপিটি-৬-এর ক্ষেত্রে এ হার ছিল ৭৭ থেকে ৮০ শতাংশ।

চ্যাটজিপিটির পুরোনো মডেলগুলো বন্ধের দিনক্ষণও ঘোষণা করেছে ওপেনএআই। আগামী ২৩ ডিসেম্বর থেকে চ্যাটজিপিটির চ্যাট, ওয়ার্ক ও কোডেক্সে জিপিটি-৫.৬ সল আর ব্যবহার করা যাবে না। একই দিন ওয়ার্ক ও কোডেক্স থেকে সরিয়ে নেওয়া হবে জিপিটি-৫.৬ টেরা মডেলও। তবে চ্যাটজিপিটির চ্যাট ট্যাবে টেরা মডেলটি চালু থাকবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া