
জেমিনাই অ্যাপে ব্যক্তিগত ছবি তৈরির সুবিধা আরও বেশি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করছে গুগল। ফলে যুক্তরাষ্ট্রের যোগ্য ব্যবহারকারীরা কোনো ধরনের গ্রাহক (সাবস্ক্রিপশন) ফি ছাড়াই এআইনির্ভর ছবি তৈরির উন্নত টুল ব্যবহার করতে পারবেন।
নতুন এ সুবিধা গুগলের ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। এর মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত পছন্দ, অভ্যাস ও প্রয়োজন বিশ্লেষণ করে জেমিনাইকে আরও ব্যক্তিকেন্দ্রিকভাবে কাজ করার উপযোগী করা হচ্ছে। ব্যবহারকারীর অনুমতি সাপেক্ষে জেমিনাই এখন জিমেইল, গুগল ফটোস, ইউটিউব, গুগল সার্চসহ গুগলের বিভিন্ন সেবা থেকে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করতে পারবে। এসব তথ্যের ভিত্তিতে ব্যবহারকারীর জন্য আরও ব্যক্তিগত ও প্রাসঙ্গিক ছবি তৈরি করবে এআই সেবাটি। তবে ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ পুরোপুরি ব্যবহারকারীর হাতেই থাকবে বলে জানিয়েছে গুগল। ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় সেটিংস থেকে জেমিনাইর সঙ্গে গুগলের বিভিন্ন সেবার সংযোগ চালু বা বন্ধ করতে পারবেন। নতুন এ সুবিধায় গুগলের ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ কাঠামোর সঙ্গে ‘ন্যানো বানানা’ প্রসেসিং মডেল এবং গুগল ফটোস প্ল্যাটফর্মকে যুক্ত করা হয়েছে। এর ফলে জেমিনাই ব্যবহারকারীর সংযুক্ত অ্যাপগুলো বিশ্লেষণ করে তার জীবনযাপন, রুচি ও ব্যক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিতে পারবে। তাই ছবি তৈরির জন্য দীর্ঘ ও বিস্তারিত নির্দেশনা লেখার প্রয়োজন অনেকটাই কমে যাবে।
এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, এখন ব্যবহারকারীরা শুধু সাধারণ নির্দেশনা দিলেই কাঙ্ক্ষিত ছবি তৈরির প্রক্রিয়া শুরু হবে। আবার জেমিনাই গুগল ফটোসে সংরক্ষিত ছবিগুলো থেকে প্রয়োজনীয় তথ্য নিজেই সংগ্রহ করবে। ফলে আলাদাভাবে ছবি আপলোড করার প্রয়োজন হবে না। গুগলের দাবি, এ প্রযুক্তি প্রয়োজনীয় পটভূমি ও তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করতে সক্ষম। এতে ব্যবহারকারীরা কম সময় ব্যয় করে নির্দেশনা দিতে পারবেন এবং সৃজনশীল কাজে আরও বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া