
মোটরসাইকেলচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ মডেল চালু করেছে অ্যাপভিত্তিক পরিবহনসেবা উবার। নতুন এ মডেলের আওতায় মোটরসাইকেলচালকেরা নিজেদের সুবিধা অনুযায়ী পূর্ণ ও খণ্ডকালীন সময়ে রাইড শেয়ার করতে পারবেন। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে উবার বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, নতুন এই সাবস্ক্রিপশন মডেলে মোটরসাইকেলচালকেরা শূন্য শতাংশ কমিশন–সুবিধায় রাইড শেয়ার করতে পারবেন। এর ফলে উপার্জনের পুরো অংশই নিজের কাছে রাখতে পারবেন তাঁরা। যাঁরা খণ্ডকালীন রাইড শেয়ার করেন, তাঁদের জন্য নতুন মডেলটি বাড়তি আয়ের সুযোগ তৈরি করবে।
উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল বলেন, ‘আমরা সব সময় চালকদের অভিজ্ঞতা সহজ করার চেষ্টা করি। এই হাইব্রিড সাবস্ক্রিপশন চালকদের নিজেদের পছন্দমতো কাজ করার স্বাধীনতা দেবে। এর ফলে তাঁদের আয় যেমন বাড়বে, তেমনি অ্যাপের মাধ্যমে ট্রিপের সংখ্যা বাড়ার ফলে যাত্রীদের নিরাপত্তাও বেশি নিশ্চিত হবে।’
২০২৩ সালে ঢাকায় প্রথম সাবস্ক্রিপশন মডেল চালু করে উবার। সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই নতুন হাইব্রিড সাবস্ক্রিপশন মডেলটি চালু করা হয়েছে। এর মাধ্যমে অফলাইনের পরিবর্তে উবার অ্যাপের মাধ্যমে রাইড শেয়ার করার জন্য চালকেরা উৎসাহিত হবেন বলে ধারণা করা হচ্ছে।