
রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন (বিইভিএমএক্স)। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত এ প্রদর্শনীতে দেখা মিলছে বিওয়াইডি, ডিপাল, চাঙ্গান, ফরথিংসহ বিভিন্ন ব্র্যান্ডের বৈদ্যুতিক ও প্লাগ–ইন হাইব্রিড গাড়ির। এসব গাড়ির দাম শুরু হয়েছে ১৮ লাখ ৫০ হাজার টাকা থেকে।
আজ শনিবার প্রদর্শনীর শেষ দিনে দেখা গেছে, বৈদ্যুতিক গাড়িগুলোর বিভিন্ন কারিগরি দিক জানার পাশাপাশি সেগুলোতে ব্যবহৃত চার্জিং প্রযুক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন দর্শনার্থীরা। প্রদর্শনীতে দুটি মডেলের গাড়ি নিয়ে হাজির হয়েছে বিওয়াইডি। বিওয়াইডি এম৯ মডেলের গাড়িটি মূলত প্লাগ–ইন হাইব্রিড গাড়ি। একবার পূর্ণ চার্জে শুধু বিদ্যুৎ ব্যবহার করে গাড়িটি সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে গাড়িটি। অপর দিকে বিওয়াইডি সিল ৫ মডেলটিও প্লাগ–ইন হাইব্রিড গাড়ি। একবার পূর্ণ চার্জে শুধু বিদ্যুৎ ব্যবহার করে গাড়িটি ৮০ কিলোমিটার চলতে পারে। গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ লাখ ৯০ হাজার টাকা। বিওয়াইডির তেজগাঁও শোরুমের সহকারী ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘গাড়িগুলোর প্রচারণার জন্য আমরা এই প্রদর্শনীতে অংশ নিয়েছি। প্রত্যাশা অনুযায়ী ভালো সাড়াও পেয়েছি।’
প্রদর্শনীতে ডিপাল ও চাঙ্গান ব্র্যান্ডের গাড়ি প্রদর্শন করছে র্যানকন লিমিটেড। ডিপাল এস০৭ মডেলের গাড়িটির দাম ধরা হয়েছে ৫৭ লাখ টাকা। একবার পূর্ণ চার্জে সর্বোচ্চ ৪৮৫ কিলোমিটার চলতে পারে গাড়িটি। অন্যদিকে ডিপাল এস০৫ মডেলের গাড়িটি কিনতে গুনতে হবে ৪৯ লাখ ৫০ হাজার টাকা। এটি প্লাগ–ইন হাইব্রিড গাড়ি হওয়ায় জ্বালানি ও বিদ্যুৎ—দুই মাধ্যমেই চলতে পারে। একবার পূর্ণ চার্জে গাড়িটি ১৮০ কিলোমিটার চলতে পারে। চাঙ্গান নেভো কিউ০৫ মডেলের গাড়িটির দাম ধরা হয়েছে ৪৬ লাখ ৯০ হাজার টাকা। পাঁচ ঘণ্টায় পূর্ণ চার্জ হতে সক্ষম গাড়িটি একবার পূর্ণ চার্জে সর্বোচ্চ ৪৬০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। গাড়িগুলোর বিষয়ে দর্শনার্থীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন র্যানকন লিমিটেডের কর্মকর্তা নাজমুল আলম।
আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড প্রদর্শনীতে এনেছে চারটি বৈদ্যুতিক গাড়ি। এর মধ্যে ফরথিং ফ্রাইডে মডেলের গাড়ির দাম ধরা হয়েছে ৪৯ লাখ ৯০ হাজার টাকা। পূর্ণ চার্জে গাড়িটি ৫০০ কিলোমিটার চলতে পারে। ফাস্ট চার্জিংয়ে ৩০ মিনিটে এবং সাধারণ চার্জিংয়ে সাত ঘণ্টায় পূর্ণ চার্জ করা যায় গাড়িটি।
জেএমইভি এলিট মডেলের গাড়ির দাম ধরা হয়েছে ৪৬ লাখ ৯০ হাজার টাকা। পূর্ণ চার্জে ৫০০ কিলোমিটার চলতে সক্ষম গাড়িটি ফাস্ট চার্জিংয়ে ৩০ মিনিটে এবং সাধারণ চার্জিংয়ে সাত ঘণ্টায় পূর্ণ চার্জ হয়। বিএডব্লিউ এম৮ মডেলের দাম ধরা হয়েছে ৫৯ লাখ ৯০ হাজার টাকা। গাড়িটি একবার পূর্ণ চার্জে ৪০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। অন্যদিকে বিএডব্লিউ ই৭ প্রো মডেলের দাম ধরা হয়েছে ১৮ লাখ ৫০ হাজার টাকা। পূর্ণ চার্জে গাড়িটি ২০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।
আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের শোরুম ইনচার্জ ইমরান চৌধুরী বলেন, ‘বৈদ্যুতিক গাড়ির প্রচারণার জন্য আমরা প্রদর্শনীতে এসেছি। আগামী ছয় মাসের মধ্যে দেশের বিভিন্ন মহাসড়কের পাশে ২০০টি ফাস্ট চার্জিং পয়েন্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে আমাদের।’
প্রদর্শনীতে জিএসি ব্র্যান্ডের দুটি গাড়ি দর্শনার্থীদের নজর কেড়েছে। জিএসি ই৯ জিএল মডেলটি মূলত প্লাগ–ইন হাইব্রিড গাড়ি। একবার পূর্ণ চার্জে ১৪০ কিলোমিটার চলতে সক্ষম গাড়িটির দাম ধরা হয়েছে ৮৫ লাখ টাকা। অন্যদিকে জিএসি আয়ন ভি মডেলের গাড়িটির দাম ধরা হয়েছে ৫৭ লাখ টাকা। একবার পূর্ণ চার্জে গাড়িটি ৪৮৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।