ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন প্রদর্শনীর প্রথম দিনের দর্শনার্থীদের বেশ ভিড় দেখা গেছে
ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন প্রদর্শনীর প্রথম দিনের দর্শনার্থীদের বেশ ভিড় দেখা গেছে

ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন প্রদর্শনী শুরু, ছাড়সহ পুরস্কারও পাওয়া যাচ্ছে

বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর তৈরি হালনাগাদ প্রযুক্তিপণ্য, স্মার্টফোনসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবন নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো’। আজ বুধবার সকালে দেশের প্রযুক্তি খাতের সবচেয়ে বড় এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে।

দর্শনার্থীদের সহজে পছন্দের পণ্য ও সেবা পরখ করার সুযোগ দিতে প্রদর্শনী প্রাঙ্গণকে ইনোভেশন, ডিজিটাল ডিভাইস, মোবাইল, ই-স্পোর্টস এবং বিটুবি জোনে ভাগ করা হয়েছে। তবে দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে মোবাইল জোন। প্রদর্শনীতে বিশেষ ছাড়ে প্রযুক্তিপণ্য কেনার পাশাপাশি সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড়ে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন কেনার সুযোগ থাকায় মোবাইল জোনে বেশ ভিড় দেখা গেছে। প্রদর্শনীতে নিজেদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ম্যাজিক৮ প্রো’ উন্মোচন করেছে অনার বাংলাদেশ। তবে নিজেদের তৈরি তিন ভাঁজের স্মার্টফোন প্রদর্শন করার কথা থাকলেও তা প্রদর্শন করছে না স্যামসাং।

স্টারলিংকের সংযোগ ও প্রয়োজনীয় যন্ত্রাংশ কেনা যাচ্ছে প্রদর্শনীতে

প্রদর্শনীতে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের সংযোগ ও প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রদর্শন করছে ফেলিসিটি আইডিসি। বাংলাদেশে স্টারলিংকের অন্যতম রিসেলার প্রতিষ্ঠানটি স্টারলিংকের তিনটি প্যাকেজ কেনার সুযোগ দিচ্ছে, যার মধ্যে এন্টারপ্রাইজ প্যাকেজ কিনলে এক মাস বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ আসিফ রেজা।

পানির গভীরে গিয়ে আশপাশের দৃশ্য ধারণ করাতে পারে এই ডুবোযান

প্রদর্শনীর ইনোভেশন জোনে নিজেদের বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করছেন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইনোভেশন জোনের প্রথম দিকেই দেখা মিলল স্করপিয়ান নামের ডুবোযানের। পানির গভীরে গিয়ে আশপাশের দৃশ্য ধারণ করার পাশাপাশি সরাসরি ওপরে থাকা যন্ত্রে প্রদর্শন করতে পারে যন্ত্রটি। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তৈরি যানটি পরীক্ষামূলকভাবে পানির ৩০ ফুট গভীরের ছবি ধারণ করে প্রদর্শন করতে পারে বলে জানিয়েছেন উদ্ভাবক দলের দলনেতা ইফতেখারুল ইসলাম। যানটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আয়োজিত আর্ন্তজাতিক প্রতিযোগিতায় পঞ্চম স্থান অর্জন করেছে বলেও জানান তিনি।

চার দিনের এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে বিনা মূল্যে প্রবেশের সুযোগ থাকলেও অনলাইনে অথবা প্রদর্শনী প্রাঙ্গণে নিবন্ধন করতে হবে।