
কারিগরি শিক্ষার প্রসার এবং উল্লেখযোগ্য দিক তুলে ধরতে গত বুধবার বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে হয়ে গেল সচেতনতা কার্যক্রম। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) স্কিলস-২১ প্রকল্পের সহযোগিতায় এ কার্যক্রমের আয়োজন করে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে বরিশালে পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস ওপেন ডের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক মো. ইসরাইল। ক্যাম্পাস ডের অংশ হিসেবে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে চাকরি ও দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা, দক্ষতা প্রদর্শনী ও প্রতিযোগিতাসহ চাকরি মেলার আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, চাকরি মেলায় নিজেদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পাশাপাশি সরাসরি সাক্ষাৎকার দিয়ে ১০ জন শিক্ষার্থী চাকরি পেয়েছেন। আরও দুজন চাকরির জন্য নির্বাচিত হওয়ায় শিগগিরই তারা চাকরি পাবেন বলে আশা করা হচ্ছে। দক্ষতা প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সনদ পেয়েছেন ১৫ শিক্ষার্থী।